ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে নোয়াখালী জেলার ছয়টি সংসদীয় আসনের মোট ৮৭৫টি ভোটকেন্দ্রের মধ্যে ২৬১টিকে ঝুঁকিপূর্ণ (অতি গুরুত্বপূর্ণ) হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন। এসব কেন্দ্রে বাড়তি আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েনসহ সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ৮৭৫টি কেন্দ্রের মধ্যে ৬১৪টি সাধারণ এবং ২৬১টি অতি গুরুত্বপূর্ণ। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জেলার সব ভোটকেন্দ্র সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে অতিরিক্ত পুলিশ, বিজিবি, সেনাবাহিনী, র্যাব ও আনসার সদস্য মোতায়েন থাকবে। পাশাপাশি টহল ও স্ট্রাইকিং ফোর্স সক্রিয় থাকবে।
আসনভিত্তিক কেন্দ্রের চিত্র অনুযায়ী নোয়াখালী-১ আসনে মোট ১৪১টি ভোটকেন্দ্র রয়েছে। এর মধ্যে ৮৮টি সাধারণ এবং ৫৩টি অতি গুরুত্বপূর্ণ। নোয়াখালী-২ আসনে ১১১টি কেন্দ্রের মধ্যে ৭৩টি সাধারণ ও ৩৮টি অতি গুরুত্বপূর্ণ। নোয়াখালী-৩ আসনে মোট ১৬৬টি কেন্দ্র রয়েছে, যার মধ্যে ১০৬টি সাধারণ এবং ৬০টি অতি গুরুত্বপূর্ণ—যা ছয়টি আসনের মধ্যে সর্বাধিক। নোয়াখালী-৪ আসনে ১৯৮টি কেন্দ্রের মধ্যে ১৫৬টি সাধারণ ও ৪২টি অতি গুরুত্বপূর্ণ। নোয়াখালী-৫ আসনে ১৫৫টি কেন্দ্রের মধ্যে ১০৪টি সাধারণ এবং ৫১টি অতি গুরুত্বপূর্ণ কেন্দ্র রয়েছে। অন্যদিকে, দ্বীপ উপজেলা হাতিয়া নিয়ে গঠিত নোয়াখালী-৬ আসনে মোট ১০৪টি কেন্দ্রের মধ্যে ৮৭টি সাধারণ ও ১৭টি অতি গুরুত্বপূর্ণ কেন্দ্র রয়েছে, যা সর্বনিম্ন।
ছয়টি আসনে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীসহ মোট ৪৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনী প্রচারণা জোরদার হলেও ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোকে ঘিরে ভোটার ও প্রার্থীদের মধ্যে উদ্বেগ রয়েছে।
নির্বাচন নিরাপত্তায় ফেনী ৪ বিজিবি ব্যাটালিয়নসহ অন্যান্য বাহিনী দায়িত্ব পালন করছে। শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে ১৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। হাতিয়ায় নৌবাহিনী ও কোস্টগার্ডসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্ব পালন করবে।
নোয়াখালীর পুলিশ সুপার টি. এম. মোশাররফ হোসেন বলেন, জেলার প্রতিটি আসনে সমন্বিতভাবে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন রয়েছে।
জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ শফিকুল ইসলাম জানান, ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বিশেষ নজরদারি রাখা হবে। কোনো অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হলে তা মোকাবিলায় প্রশাসন সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। তিনি ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান।

মো. ইসমাইল হোসেন নোয়াখালী ব্যুরো প্রধান। জনতার কণ্ঠ.কম 



















