প্রতিনিধি, উল্লাপাড়া:
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় করতোয়া নদীতে ডুবে রাকিব হাসান (১৪) নাম এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার (১১ আগষ্ট, ২০২৫) বিকেলে উপজেলার ঘাটিনা গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করে এলাকাবাসী। নিহত রাকিব উপজেলার পাইকপাড়া গ্রামের আব্দুল আওয়ালের ছেলে। সে হাজী আমিনুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।
স্থানীয়রা জানায় গত রোববার (১০ আগস্ট, ২০২৫) দুপুরে তিন বন্ধুর সাথে ঘাটিনা ব্রীজ এলাকায় করতোয়া নদীতে গোসল করতে যায়। গোসলে নেমে সাতার কাটতে কাটতে হঠাৎ সে তলিয়ে যায়। বন্ধুরা তাকে দেখতে না স্বজনদের খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্য ও স্থানীয়রা তাকে খুঁজতে থাকে। পরে সন্ধ্যায় রাজশাহী থেকে ডুবুরি দল এসেও অনুসন্ধান চালিয়ে তার সন্ধান পায়নি। সোমবার বিকেলে ঘাটিনা থেকে কিছুটা দূরে তার মরদেহ ভেসে উঠলে স্বজনেরা উদ্ধার করে।

রিপোর্টার: 



















