সিরাজগঞ্জের কাজিপুরে যমুনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে মো. শামীম (২৮) নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
শনিবার (১৫ নভেম্বর) দুপুরের দিকে উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে যমুনা নদীর মেঘাই ঘাট এলাকায় এই অভিযান চালানো হয়। অর্থদণ্ডপ্রাপ্ত শামীম পিরোজপুর জেলার স্বরূপকাঠি উপজেলার বাসিন্দা।
ভ্রাম্যমান আদালত সূত্র জানায়, মেঘাই ঘাটে ড্রেজার ও কাটার মেশিন ব্যবহার করে বালু উত্তোলন করছিলেন শামীম। সংবাদ পেয়ে সেখানে অভিযান চালিয়ে হাতেনাতে আটক করা হয় তাকে। পরে ভ্রাম্যমান আদালতের বিচারক বালুমহাল ও মাটি ব্যবস্থাপনার আইনের ৪ ধারা ভঙ্গের অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দেন।
এ সময় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাঈমা জাহান সুমাইয়া, সেনাবাহিনীর সদস্য, থানা পুলিশ, নৌ পুলিশ এবং আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তাফিজুর রহমান বলেন, এখন থেকে যমুনা নদী হতে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে নিয়মিত এই অভিযান পরিচালনা করা হবে।

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম 



















