জুয়েল হোসেন:
জীবনের ২৫টি বছর পার হলেও শিশুসুলভ আচরণ আর অসহায়ত্বের এক কঠিন জীবন পার করছেন সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নের তেলকুপি পশ্চিম পাড়ার যুবক শাকিল। জন্মগতভাবে বিকলাঙ্গ ও বোবা এই যুবকের শারীরিক অবস্থার এতটাই অবনতি হয়েছে যে, তার ওজন বর্তমানে মাত্র ৭ কেজি। সারাদিন মায়ের অক্লান্ত সেবা ও সংগ্রামের ওপরই নির্ভরশীল তার জীবন। এই কঠিন সময়ে তার পাশে দাঁড়াতে ভালোবাসার হাত বাড়িয়ে দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
শাকিলের মানবেতর জীবনযাপনের খবর বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হওয়ার পর তা নজরে আসে বিএনপির হাইকমান্ডের। তারেক রহমানের নির্দেশে সিরাজগঞ্জ জেলা বিএনপি’র পক্ষ থেকে বুধবার (২৭ আগস্ট ২০২৫) দুপুরে শাকিলের বাড়িতে আর্থিক সহায়তা পৌঁছে দেওয়া হয়। এই মানবিক সহায়তা প্রদান কার্যক্রমে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান।
শাকিলকে তার মা শাহিদা খাতুনের কোলে দেখে মির্জা মোস্তফা জামান আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি বলেন, “আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সিরাজগঞ্জ জেলা বিএনপির পক্ষ থেকে তার পাশে থাকার জন্য সহযোগিতার হাত বাড়াতে এসেছি। দলের পক্ষ থেকে আমরা সবসময় এই অসহায় পরিবারের পাশে আছি এবং থাকবো।” তিনি আরও বলেন, শাকিলকে শুধু আর্থিক সহায়তা নয়, একটি মেডিকেল টিমও তার বাড়িতে গিয়ে চিকিৎসার বিষয়ে পরামর্শ দিয়েছে।
মির্জা মোস্তফা জামান আরও বলেন, “রাজনীতি মানুষের জন্য, আর মানবিক কাজ সেই রাজনীতিরই অংশ। তারেক রহমান বিশ্বাস করেন অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আমরা শুধু রাজনৈতিক কর্মসূচিতে সীমাবদ্ধ থাকতে চাই না, বরং মানুষের বিপদে-আপদেও পাশে থাকতে চাই।”
শাকিলের মা আবেগাপ্লুত হয়ে বলেন, “এতদিন একা একা এই বোঝা বয়ে বেড়াচ্ছিলাম। আজ তারেক রহমানের পক্ষ থেকে যে সাহায্য পেয়েছি, তাতে আমাদের অনেক উপকার হবে। আমার সন্তানের জন্য যে মানুষ এতদূর থেকে চিন্তা করেছেন, তার জন্য আমরা কৃতজ্ঞ।”
মির্জা মোস্তফা জামান একইসাথে সিরাজগঞ্জ জেলা প্রশাসন, বিত্তশালী, সামাজিক ও মানবিক সংগঠনগুলোকে শাকিলের সুচিকিৎসা এবং তার অসহায় মা শাহিদা খাতুনকে আর্থিক সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান।
এসময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপি’র সহ-সভাপতি ও জেলা ড্যাব-এর সভাপতি ডা. এম এ লতিফ, জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক মিলন ইসলাম খান, জেলা শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক নিয়ামুল হাকিম সাজু, জেলা বিএনপি’র ছাত্র বিষয়ক সম্পাদক খোরশেদ আলম মিন্টু, জেলা বিএনপি’র সহ-প্রচার সম্পাদক জিন্নাহ সরদার, বিএনপি নেতা ফাহিম আহমেদ, শহর বিএনপি’র সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক জাকির হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আকাশ খন্দকার, জেলা ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. তাইবুল হাসান, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য আব্দুল হামিদ রানা, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ, পৌর জাসাস এর সভাপতি সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক শাওন আহমেদ, জেলা তরুণ দলের সাধারণ সম্পাদক জাকারিয়া আহমেদ, স্বেচ্ছাসেবক দলের নেতা হোসাইন আহমেদ রনি, যুবনেতা পাপ্পু শেখ এবং হাবীব।
মানবিক এই কার্যক্রমে উপস্থিত স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ মির্জা মোস্তফা জামানের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।

রিপোর্টার: 



















