জামালপুরে দশম শ্রেণির শিক্ষার্থী জিহাদ হত্যার ঘটনায় জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সড়ক অবরোধ ও মানববন্ধন করেছে স্থানীয়রা।
রবিবার (১১ জানুয়ারি) সকালে জামালপুর সদর উপজেলার নারিকেলী এলাকায় জামালপুর-টাঙ্গাইল মহাসড়কে এ কর্মসূচির আয়োজন করা হয়। নিহত জিহাদ (১৬) সদর উপজেলার গহেরপাড়া গ্রামের ফিরোজ মিয়ার ছেলে এবং সে নারিকেলী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।
গহেরপাড়ার সর্বস্তরের জনগণ ও নারিকেলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের ব্যানারে আয়োজিত এ মানববন্ধন ও সড়ক অবরোধে অংশ নেন এলাকাবাসী। কর্মসূচিতে বক্তব্য রাখেন নিহত জিহাদের মা তাহমিনা আক্তার শোভা, বাবা ফিরোজ মিয়া, বড় ভাই অনন্ত, চাচাতো ভাই সাকিসহ আরও অনেকে।
বক্তারা বলেন, গত ৭ জানুয়ারি সন্ধ্যায় পূর্বপরিকল্পিতভাবে গহেরপাড়া পশ্চিমপাড়া এলাকার আবুল কাশেমের ছেলে মো. মুন্না (২০), সাইফুলের ছেলে মো. সাঈদ (১৮), মোকছেদের ছেলে আবুল কাশেম (৪৫) ও তাদের সহযোগীরা গহেরপাড়া এলাকার জামে মসজিদের পেছনে জিহাদকে মারধর করে এবং ধারালো চাকু দিয়ে হত্যা করে। এ ঘটনায় মামলা দায়ের করা হলেও দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সব আসামিকে গ্রেফতার না করায় ক্ষোভ প্রকাশ করেন তারা। দ্রুত সকল আসামিকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।
সড়ক অবরোধের কারণে মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।
খবর পেয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি জানান, মামলার প্রধান আসামিকে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে এবং বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। প্রায় এক ঘণ্টা পর অবরোধ প্রত্যাহার করলে যান চলাচল স্বাভাবিক হয়।
উল্লেখ্য, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত ৭ জানুয়ারি সন্ধ্যায় গহেরপাড়া এলাকায় জিহাদকে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের বাবা ফিরোজ মিয়া মো. মুন্না (২০), মো. সাঈদ (১৮), আবুল কাশেম (৪৫)সহ আরও ৪-৫ জনকে অজ্ঞাতনামা আসামি করে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

আবিদ হাসান, জামালপুর প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম 



















