ব্যুরো প্রধান, নওগাঁ:
“এসো দেশ বদলাই, পৃথিবি বদলাই”— এই স্লোগানকে সামনে রেখে নওগাঁয় আয়োজন করা হয় তারুণ্যের উৎসব-২৫। এ উৎসব উপলক্ষে নওগাঁয় হয়ে গেল একটি প্রীতি ফুটবল ম্যাচ।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেলে জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে এবং জেলা ক্রীড়া সংস্থার সার্বিক ব্যবস্থাপনায় এ খেলা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে খেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল। খেলায় অংশ নেয় নওগাঁ জেলা দল বনাম বগুড়া জেলা দল। খেলায় টান টান উত্তেজনার মধ্য দিয়ে প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে যায় বগুড়া জেলা দল। বিরতির পর দ্বিতীয়ার্ধের খেলা শুরু হলে বেশ কিছু ভালো সুযোগ তৈরি করলেও কেউ কাজে লাগাতে না পারায় নওগাঁ জেলা দলকে ৫-০ গোলের ব্যবধানে হারিয়ে জয় পায় বগুড়া জেলা দল।
মাঠে বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতি ছিল লক্ষণীয়। স্থানীয় ক্রীড়া প্রেমীদের মাঝে ছিল উৎসাহ-উদ্দীপনা। খেলাটি ছিল বন্ধুত্বপূর্ণ হলেও প্রতিটি দলই খেলেছে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ মনোভাব নিয়ে।
আয়োজকরা জানান, তারুণ্যের উৎসব ও জাতীয় চ্যাম্পিয়নশিপ সামনে রেখেই আয়োজন করা হয় এই প্রীতি ফুটবল ম্যাচের। শুধু ক্রীড়া নয়, তারুণ্যের উৎসবের মাধ্যমে বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক সচেতনতামূলক কার্যক্রমও চলবে।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা বিভিন্ন খেলার আয়োজন করছে। নওগাঁর হারিয়ে যাওয়া খেলাধুলাকে মাঠে ফিরিয়ে আনার প্রচেষ্টা মধ্যে দিয়ে স্থানীয়দের মাঝে ব্যাপক আগ্রহ ও জনপ্রিয়তা বাড়ছে। বিশেষ করে, জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এবং অন্যান্য ইভেন্টগুলো দর্শকদের স্টেডিয়ামে আকৃষ্ট করেছে।
তিনি আরও বলেন, “তারুণ্যই একটি জাতির সবচেয়ে বড় শক্তি। খেলাধুলার মাধ্যমে তরুণ প্রজন্মকে মাদক, অবক্ষয় ও বিপথগামিতা থেকে দূরে রেখে একটি ইতিবাচক সমাজ গড়ে তোলা সম্ভব।”
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নওগাঁর অতিরিক্ত জেলা প্রশাসক সোহেল রানা, বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আমিরুল ইসলাম, জেলা ক্রীড়া অফিসার আরিফুজ্জামান, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু, জেলা ক্রীড়া সংস্থার সদস্য আবুল কালাম আজাদ, জেলা ক্রীড়া সংস্থার সদস্য ও সাবেক ফুটবলার এনামুল হক, সদস্য মেহেদী হাসানসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রিপোর্টার: 



















