আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামালপুর–২ (ইসলামপুর) আসনে বিএনপির সাংগঠনিক ঐক্য আরও সুদৃঢ় হয়েছে। দলীয় সংসদ সদস্য মনোনয়নকে কেন্দ্র করে প্রাথমিকভাবে তিনজন প্রার্থী মনোনয়ন প্রত্যাশী থাকলেও চূড়ান্তভাবে একজন প্রার্থী মনোনয়ন পাওয়ার পর দলীয় স্বার্থে সবাইকে একত্রিত করে মাঠে কাজ করার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে দলটি।
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খানের সভাপতিত্বে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এতে চূড়ান্ত মনোনয়নপ্রাপ্ত প্রার্থী ইসলামপুর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব সুলতান মাহমুদ বাবু, মনোনয়ন প্রত্যাশী শরিফুল ইসলাম খান (ফরহাদ) এবং সাবেক মন্ত্রিপরিষদ সচিব এ এস এম আব্দুল হালিমের প্রতিনিধি হিসেবে ইসলামপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নবী নেওয়াজ খান বিপুল লোহানী একসঙ্গে নির্বাচনী মাঠে কাজ করার অঙ্গীকার করেন।
সভায় নজরুল ইসলাম খান বলেন, “ইসলামপুরে বিএনপিকে বিজয়ী করতে হলে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করতে হবে। গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন জোরদার করে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে এই আসন উপহার দিতে হবে।”
তিনি আরও বলেন, দলীয় শৃঙ্খলা বজায় রেখে সকল বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করাই হবে এই নির্বাচনে বিজয়ের মূল চাবিকাঠি।
দলীয় সূত্রে জানা যায়, আজ সকাল ১০টায় বৃহত্তর ময়মনসিংহ বিভাগের কৃতি সন্তান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খানের বাসভবনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়
সভায় উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মুস্তাফিজুর রহমান, ইঞ্জিনিয়ার হুমায়ুন কবির, বিএনপির মনোনীত প্রার্থী ও সাবেক এমপি আলহাজ্ব সুলতান মাহমুদ বাবু, সাবেক উপজেলা চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুল, পৌর বিএনপির সাবেক সভাপতি জয়নাল আবেদীন সরকারসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
আলোচনা সভায় সার্বিক সহযোগিতা করেন উদীয়মান তরুণ নেতা ও নজরুল ইসলাম খানের সহোদর শফিকুল ইসলাম খান (ফরহাদ)।
এদিকে দলীয় ঐক্যের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বিএনপির তৃণম‚ল নেতাকর্মীরা। তাদের আশা, এই ঐক্যের মাধ্যমে ইসলামপুরে বিএনপির সাংগঠনিক শক্তি আরও সুদৃঢ় হবে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন নতুন গতি পাবে।

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম 






















