শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিবেদক। জনতার কন্ঠ.কম
সিরাজগঞ্জের শাহজাদপুরের একটি বেসরকারি হাসপাতালে সিজার অপারেশনে মারা যাওয়া এক নবজাতককে বিস্কিটের প্যাকেটে লুকিয়ে ফেলার চেষ্টা করা হচ্ছিল। খবর পেয়ে ভ্রাম্যমান আদালত ওই হাসপাতালে অভিযান চালায়। অব্যবস্থাপনা ও নিয়ম বহির্ভূতিভাবে হাসপাতাল পরিচালনা করায় ৫০ হাজার টাকা জরিমানা ও অপারেশন কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেন ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে শাহজাদপুর পৌর শহরের ভেড়ুয়াদহ মহল্লায় ‘পিস ল্যাব এ্যান্ড হসপিটালে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুশফিকুর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের অভিযান চালায়। তবে নবজাতকের মৃত্যুর বিষয়ে ভুক্তভোগী পরিবার কোন অভিযোগ না করায় কোন আইনী ব্যবস্থা নেওয়া হয়নি বলে ভ্রাম্যমান আদালত সূত্র জানায়। অভিযানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাসুদ রানা উপস্থিত ছিলেন।
জানা যায়, বুধবার (২৪ সেপ্টেম্বর) পিস ল্যাব এ্যান্ড হসপিটালে এক নারীর সিজার অপারেশন হয়। রোগীর স্বজনদের অভিযোগ, অপারেশনের পর হাসপাতালের অব্যবস্থাপনায় নবজাতকের মৃত্যু হয়। পরে হাসপাতাল কর্তৃপক্ষ মৃত নবজাতককে বিস্কিটের প্যাকেটে ভরে একটি পরিত্যক্ত কক্ষে লুকিয়ে রেখে স্বজনদের জানায় বাচ্চা গর্ভেই দুইদিন আগে মারা যাওয়ায় পঁচে গলে গেছে।
এদিকে হাসপাতাল কর্তৃপক্ষ এমনটা দাবী করলেও অপারেশনের আগে কোনরকম পরীক্ষা করা হয়নি, অপারেশনের সময় অবশের ডাক্তার উপস্থিত ছিলেন না।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুশফিকুর রহমান জানান, আজ দুপুরে ওই হাসপাতালে অভিযান চালিয়ে নানা রকম অব্যবস্থাপনা চোখে পড়ে। ১০ বেডের অনুমোদন থাকলেও ১৮টি বেড স্থাপন করে হাসপাতাল পরিচালনা করা হচ্ছে। এসব অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও হাসপাতালের নথিপত্র ঠিক আছে কিনা সেটা স্বাস্থ্য বিভাগ দেখে পরবর্তী আইনী ব্যবস্থা নেওয়া হবে। মৃত নবজাতকে বিস্কিটের প্যাকেটে লুকিয়ে রাখার একটি ভিডিও আমরা দেখেছি, তবে ভুক্তভোগী পরিবারের কোন অভিযোগ না থাকায় এ ব্যাপারে কোন ব্যবস্থা নেওয়া হয়নি।

রিপোর্টার: 




















