জনতার কন্ঠ ডেস্ক:
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, নির্বাচনের আগে সকল জেলার পুলিশ সুপার ও সকল থানার ওসিকে লটারির মাধ্যমে বদলী করা হবে।
বুধবার (০৬ আগস্ট) জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন কর্মপরিকল্পনা প্রণয়ন বিষয়ক সিদ্ধান্ত গ্রহণ নিয়ে আয়োজিত সভা শেষে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশে ভাষণে বলেছেন, নির্বাচনের প্রস্তুতি শুরু হয়ে গেছে। তারই ধারাবাহিকতায় আজ আমরা আলোচনা করেছি। নির্বাচনের আগে লটারি অনুযায়ী বিশেষভাবে এসপি ও ওসিদের পোস্টিং দেওয়া হবে। এখন তো সব কর্মকর্তা যেখানেই থাকুন না কেন, নির্বাচনের আগে তাদের লটারির মাধ্যমে বদলি করা হবে।
উপদেষ্টা আরও বলেন, ডিসি, এসপি, ইউএনও ও ওসি- নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। নির্বাচনের সময় দেখা যায়, প্রার্থীরা তাদের আসনে পছন্দের ডিসি, এসপি কিংবা ওসিকে চান। কিন্তু এবার আমরা সিদ্ধান্ত নিয়েছি, গণমাধ্যমকে ডেকে সবার সামনে লটারি করব। আগামী নির্বাচনে ৮ লাখ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দায়িত্ব পালন করবে এবং তাদের সবাইকে প্রশিক্ষণ দেওয়া হবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

রিপোর্টার: 























