জামালপুর-৩ (মেলান্দহ–মাদারগঞ্জ) সংসদীয় আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা মুজিবুর রহমান আজাদীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ রবিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে আপিল আবেদনের শুনানি শেষে এই সিদ্ধান্ত জানানো হয়।
গত ৩ জানুয়ারি মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় প্রস্তাবকারী ও সমর্থকের স্বাক্ষর সংক্রান্ত জটিলতা দেখা দেয়। এর প্রেক্ষিতে জামালপুর জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ ইউসুপ আলী জামায়াত প্রার্থীর মনোনয়নপত্রটি বাতিল ঘোষণা করেছিলেন।
রিটার্নিং কর্মকর্তার ওই সিদ্ধান্তের বিরুদ্ধে গত ৫ জানুয়ারি নির্বাচন কমিশনে আপিল আবেদন করেন মাওলানা আজাদী। আজ শুনানি শেষে কমিশন তার আবেদন মঞ্জুর করে এবং তাকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ প্রদান করে।
প্রার্থিতা ফিরে পাওয়ার পর এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মাওলানা মুজিবুর রহমান আজাদী বলেন:
”গত ৩ জানুয়ারি স্বাক্ষর সংক্রান্ত একটি অনিচ্ছাকৃত ভুলের কারণে আমার মনোনয়নপত্র বাতিল করা হয়েছিল। আমরা নির্বাচন কমিশনে সঠিক তথ্য ও যুক্তি উপস্থাপন করেছি। কমিশন ন্যায়বিচার করেছেন এবং আমাদের আপিল মঞ্জুর হয়েছে। এখন সবাইকে সঙ্গে নিয়ে নির্বাচনী কার্যক্রম এগিয়ে নিতে চাই।”
মাওলানা আজাদীর মনোনয়নপত্র বৈধ ঘোষণার খবর জামালপুর-৩ নির্বাচনী এলাকায় পৌঁছালে জামায়াতে ইসলামীর নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে স্বস্তি ও আনন্দ লক্ষ্য করা গেছে। দীর্ঘ প্রতীক্ষার পর প্রার্থীর বৈধতা পাওয়ায় তারা এলাকায় মিষ্টি বিতরণ ও সন্তোষ প্রকাশ করেছেন।

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম 






















