সিরাজগঞ্জের এনায়েতপুরে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে চৌহালী নৌ-পুলিশ।
নিহত হাফিজুল ইসলাম হাফিজ (৩১) এনায়েতপুর থানা গণঅধিকার পরিষদের সিনিয়র যুগ্মআহ্বায়ক এবং বাঐখোলা গ্রামের কমল মুন্সীর ছেলে বলে জানা গেছে। সোমবার (২২ ডিসেম্বর) দুপুরের দিকে জালালপুর ইউনিয়নের পাড়ামোহনপুর এলাকায় যমুনা নদীর একটি ড্রেজার থেকে এই মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, হাফিজ নামে পরিচিত গণঅধিকার পরিষদ নেতা সহ বেশ কয়েকজন মিলে জালালপুর, আড়কান্দি ও পাড়ামোহনপুরসহ আশপাশের এলাকা বালির ব্যবসা করে আসছে।
রোববার রাতে ড্রেজারের বাল্কহেডের ইঞ্জিনের অংশে সহযোগীদের সাথে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। সোমবার সকালে তার মৃত্যুর বিষয়টি জানাজানি হলে এনায়েতপুর থানা ও চৌহালী নৌ-পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে । চৌহালী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফিরোজ উদ্দিন জানান, নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। প্রাথমিক ভাবে এটাকে স্বাভাবিক মৃত্যু মনে হচ্ছে। পরিবারের সদস্যদের কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি। জনতার কন্ঠ.কম 


















