বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক বলেছেন, “বাংলাদেশ ১৯৪৭ সালে ব্রিটিশ শাসন থেকে মুক্তি পেলেও প্রকৃত স্বাধীনতার স্বপ্ন পূরণ হয়নি। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের পর মানুষ ভেবেছিল তারা নিজেদের শাসন করবে, কিন্তু আজও সাধারণ মানুষ শোষণ, দুর্নীতি ও বৈষম্যের শিকার।”রাজনীতির দুই ভূত কাঁধ থেকে নামাতে কেউ রাজি নয়। লুটপাট, দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধ হয়নি। বিপ্লবের সুফল আজও সাধারণ মানুষের ঘরে পৌঁছায়নি। দিনমজুর, হকার—কেউই চাঁদাবাজি থেকে মুক্ত নয়। শোষণের ধরন বদলেছে, কিন্তু শোষণ বন্ধ হয়নি। ‘শোষণের চেহারা বদলেছে, মুক্তি আসেনি—এবার মুক্তি আসবে ব্যালটের মাধ্যমে।”
৫৪ বছরের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, বারবার শাসক পরিবর্তন হয়েছে কিন্তু শোষণের চরিত্রের পরিবর্তন হয়নি। আগে বিদেশি শাসকরা সম্পদ লুট করত, আর এখন দেশি শাসকরা সম্পদ বিদেশে পাচার করে।
রোববার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ভূঁইয়াগাঁতীতে ১১ দলীয় নির্বাচনী ঐক্যজোট আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সিরাজগঞ্জ-৩ আসনের ঐক্যজোটের প্রার্থী মাওলানা মুফতি আব্দুর রউফের সমর্থনে এই সভার আয়োজন করা হয়।
মামুনুল হক বলেন, “সিরাজগঞ্জ-৩ আসনের জনগণ আগামী ১২ ফেব্রুয়ারি ‘রিকশা’ প্রতীকের পক্ষে ব্যালট বিপ্লব ঘটাতে প্রস্তুত। তবে ষড়যন্ত্রকারীরা বসে নেই। ভোটের ফল নিয়ে যে কোনো ধরনের কারচুপি ও ইঞ্জিনিয়ারিং প্রতিহত করতে ছাত্রশিবির, ছাত্র মজলিস, ছাত্র শক্তিসহ সব ছাত্র সংগঠনের নেতাকর্মীদের সতর্ক ও প্রস্তুত থাকতে হবে।”
তিনি আরও বলেন, যারা এখনও পেশিশক্তির ভয় দেখিয়ে রাজনীতি করতে চায়, তাদের ২০২৪ সালের গণআন্দোলন থেকে শিক্ষা নেওয়া উচিত। দেশের মানুষ যখন রক্ত দিতে শিখেছে, তখন সন্ত্রাসবাদী রাজনীতিকে তারা নির্মূল করেই ছাড়বে—ইনশাআল্লাহ।
তিনি বলেন, এ দেশে শুধু ভাত ও ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য নয়, বরং বাংলাদেশকে সুপরিকল্পিত মৃত্যুপুরী থেকে রক্ষা করতে ছাত্র-জনতা বুকের রক্ত দিয়েছে। গত ১৫ বছরে অসংখ্য মানুষকে গুম করা হয়েছে এবং আলেম-ওলামাদের নির্বিচারে হত্যা করা হয়েছে। এখন সময় এসেছে সেই জুলুম ও শোষণের চরিত্রের আমূল পরিবর্তন করার।”
রাজনীতিকে কলুষমুক্ত করার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, “বাংলাদেশ থেকে দুটি ‘ভূত’ তাড়াতে আমরা মাঠে নেমেছি। ইনশাআল্লাহ, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ১১ দলীয় জোটের ভূমিধস জয় হবে। টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত রাজনীতি গড়ার লক্ষ্যেই এই জোট গঠিত হয়েছে।”
খেলাফত মজলিস রায়গঞ্জ উপজেলা শাখার আমির মো. আলী মর্তুজার সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক ডা. আব্দুস সামাদ, সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা মুফতি আব্দুর রউফ, জেলা জামায়াতের নায়েবে আমির আব্দুস ছালাম ও সহকারী সেক্রেটারি অধ্যাপক নাসির উদ্দিনসহ জোটের শীর্ষ নেতৃবৃন্দ।

নিজস্ব প্রতিবেদক। জনতার কণ্ঠ.কম 



















