প্রধান প্রতিবেদক। জনতার কণ্ঠ.কম
সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় পরিমল চন্দ্র ঘোষ নামে এক পুলিশ কর্মকর্তা নিহতের মামলায় আরাফাত আলী নামে ব্যাটারি চালিত মিশুকচালককে কারাগারে পাঠিয়েছেন আদালত।
রোববার (২১ সেপ্টেম্বর) বিকেলে সিরাজগঞ্জ সদর আমলী আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মো. রাসেল মাহমুদ তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আরাফাত আলী সিরাজগঞ্জ পৌর এলাকার সয়া ধানগড়া দক্ষিণপাড়া মহল্লার কেরামত আলীর ছেলে।
নিহত পরিমল চন্দ্র ঘোষ (৫৭) সিরাজগঞ্জ পুলিশ লাইনে এসআই হিসেবে কর্মরত ছিলেন। তিনি পাবনার বেড়া উপজেলার মালদাপাড়ার পরেশ চন্দ্র ঘোষের ছেলে।
ওই আদালতে জেনারেল রেজিষ্টার অফিসার (জিআরও) তাজমিলুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, রোববার দুপুরে আসামি আরাফাতকে আদালতে সোপর্দ করলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।
প্রসঙ্গত, গত ১১ সেপ্টেম্বর বিকেলে পুলিশ লাইন থেকে মোটর সাইকেলযোগে এসপি অফিসে যাচ্ছিলেন এস আই পরিমল। তিনি শহরের বাস টার্মিনাল মসজিদের কাছে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা মিশুকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন পরিমল। তাকে উদ্ধার করে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মামলার তদন্তকারি কর্মকর্তা সদর থানার এসআই আবু সাইদ জানান, এসআই পরিমল নিহতের ঘটনায় তার ছেলে প্রাপ্ত ঘোষ বাদী হয়ে অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে মামলা দায়ের করেন। ওই মামলায় আরাফাত আলীকে রোববার সকালে গ্রেপ্তার করা হয়। দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

রিপোর্টার: 



















