সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মান্নাননগর এলাকায় অভিযান চালিয়ে প্রায় সাড়ে ১৯ কেজি গাঁজাসহ দুই মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে র্যাব-১২ সদস্যরা।
সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে মান্নাননগর-রানীরহাট রাস্তার উপর এ অভিযান চালানো হয়। গ্রেপ্তার মাদক বিক্রেতারা হলেন, নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার খামার চাচকৈড় গ্রামের মৃত ছইরুদ্দিনের ছেলে মো. ছাইফুল ইসলাম (৪২) ও মৃত নজরুল ইসলামের ছেলে মো. নয়ন আলি (৩৩)।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-১২ এর অপস্ অফিসার সহকারি পুলিশ সুপার মো. উসমান গণি।
সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি জানান, গোপন সংবাদ ও আধুনিক তথ্য প্রযুক্তির ভিত্তিতে মান্নাননগর বাজার এলাকায় অভিযান চালিয়ে ১৯ কেজি ৪শ গ্রাম গাঁজাসহ ওই দুজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩টি মোবাইল ফোন, নগদ ১৫ হাজার ৮০০ টাকা ও একটি ট্রাক জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামীরা দীর্ঘদিন ধরে নেশা জাতীয় মাদকদ্রব্য গাঁজা ট্রাক যোগে দেশের বিভিন্ন জেলায় কেনাবেঁচা করে আসছিলেন। এ ঘটনায় মামলা দায়েরের পর আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক। জনতার কণ্ঠ.কম 



















