কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়া সিরাজগঞ্জের ৬টি আসনে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে ভোটগ্রহণ। দীর্ঘদিন পর উৎসবমুখর পরিবেশে ভোটাররা ভোট প্রদান করেছেন। কোথাও কোন ধরণের সংঘর্ষ, কেন্দ্র দখলের মতো ঘটনার কোন খবর পাওয়া যায়নি। ভোটারদের স্বতস্ফূর্ত অংশগ্রহণের জেলায় ৬৩ শতাংশেরও বেশি ভোট পড়েছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সাড়ে ৭টায় জেলার ৬টি নির্বাচনী আসনে ৯২৩টি ভোটকেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। প্রথমদিকে কিছুটা কম হলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বাড়তে থাকে।
জেলা সদর উপজেলার সরকারি সালেহা ইসহাক বালিকা উচ্চ বিদ্যালয়, বাগবাটি ইউনিয়নের ফুলকোচা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ছোনগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়, রতনকান্দি ইউনিয়নের একডালা প্রাথমিক বিদ্যালয়, কাজিপুর উপজেলার শুভগাছা প্রাথমিক বিদ্যালয়, চালিতাডাঙ্গা উচ্চ বিদ্যালয়, চর ভানুডাঙ্গা ইছামতি প্রাথমিক বিদ্যালয়সহ প্রায় ২০/২৫টি কেন্দ্র ঘুরে দেখা যায় ভোটাররা আনন্দমুখর পরিবেশে ভোট প্রদান করছেন।
এদিকে জেলার উল্লাপাড়ায় জালভোট দিতে গিয়ে এক যুবকের দুই বছরের কারাদণ্ডের ঘটনা ঘটেছে। অপরদিকে সদর উপজেলার ছোনগাছা ইউনিয়নের পাঁচ ঠাকুরি ভোট কেন্দ্রে ভুয়া পোলিং অফিসারকে আটক করা হয়েছে। এ ছাড়া জেলার কোথাও কোন ধরণের অনিয়মের সংবাদ পাওয়া যায়নি।
সিরাজগঞ্জ জেলা সহকারি নির্বাটন অফিসার মো. মশিউর রহমান জানান, জেলার ৬টি আসনে গড়ে ৬৩ দশমিক ৫৫ শতাংশ ভোট পড়েছে। এর মধ্যে সর্বোচ্চ ৭০ শতাংশ ভোট পড়েছে সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনে ও সর্বনিম্ন ৫৭ দশমিক ১৭ শতাংশ ভোট পড়েছে সিরাজগঞ্জ-৫ (বেলকুচি চৌহালী) আসনে। এছাড়াও সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও সদরের একাংশ) আসনে ভোট পড়েছে ৬১ শতাংশ, সিরাজগঞ্জ-২ (সদর ও কামারখন্দ) আসনে ৬৭ দশমিক ৭৭ শতাংশ, সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ ও তাড়াশ) আসনে ৬৫ দশমিক ৩৫ শতাংশ এবং সিরাজগঞ্জ-৬ আসনে ৬০ শতাংশ ভোট পড়েছে।

নিজস্ব প্রতিবেদক। জনতার কণ্ঠ.কম 



















