একযুগ পর উৎসবমুখর পরিবেশে সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থীরা বিপুল বিজয় অর্জন করেছে।
শনিবার (৬ ডিসেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জেলার ব্যবসায়ীদের অন্যতম এই সংগঠনটির নির্বাচন অনুষ্ঠিত হয়। মধ্যরাত পর্যন্ত ভোট গননা হয়। রাতেই ফলাফল ঘোষণা করে নির্বাচন পরিচালনা কমিটি।
সরাসরি কোন রাজনৈতিক দলের প্যানেল না থাকলেও বিএনপি ও জামায়াত সমর্থিতরা নির্বাচনে অংশগ্রহণ করেন। এ নির্বাচনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর নেতৃত্বে তাঁর সমর্থিতরা প্রার্থীরা বিপুল বিজয় অর্জন করেছে। অপরদিক জামায়াত ইসলামী সমর্থিত প্রার্থীরা কোন পদেই জয়লাভ করতে পারেনি।
সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির দ্বি-বার্ষিক নির্বাচন পরিচালনা কমিটি সূত্রে জানা গেছে প্রেসিডেন্ট পদে জেলা বিএনপির সাধারণ সস্পাদক সাইদুর রহমান বাচ্চু প্রতিদ্বন্দ্বী প্রার্থীর থেকে প্রায় তিন গুণ বেশি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
এছাড়াও অর্ডিনারী গ্রুপে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পদে জেলা বিএনপির সহ-সভাপতি ভিপি অমর কৃষ্ণ দাস, জুনিয়র ভাইস প্রেসিডেন্ট পদে জেলা বিএনপির অপর সহ-সভাপতি আব্দুল কাদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
পরিচালক পদে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন হাজী আব্দুস সাত্তার, কালিয়া হরিপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি একাব্বর আলী আকবর, বিএনপি নেতা আবু সাইদ, হাজী জুড়ান সরকার, জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ, মো: নজরুল ইসলাম, সন্তোষ কুমার কানু, আবু হানিফ, প্রদীপ কুমার রায়, আবুল হাশেম আবু, জেলা বিএনপির সহ-প্রচার সম্পাদক শফিকুল ইসলাম জিন্নাহ, শফিকুল ইসলাম আলামিন, জুয়েল রানা ও সানজিদ হাসান।
নব নির্বাচিত প্রেসিডেন্ট সাইদুর রহমান বাচ্চু বলেন, এ বিজয় ব্যবসায়ীদের বিজয়। ১২ বছর পর আমরা চেম্বারে গণতন্ত্র ফিরিয়ে এনেছি। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সিরাজগঞ্জের ব্যবসায়ীরা ভোট দিয়েছে। বিএনপির প্রার্থীরা এখানে বিপুল বিজয় অর্জন করেছে। এ জন্য সকল ব্যবসায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

নিজস্ব প্রতিবেদক। জনতার কণ্ঠ.কম 



















