আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসন থেকে প্রতিদ্বন্দ্বীতা করবেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সদস্য সচিব (কো-অর্ডিনেটর) এস এম সাইফ মোস্তাফিজ।
বুধবার (১৯ নভেম্বর) জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় দপ্তরে আনুষ্ঠানিকভাবে তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করেন। মনোনয়ন সংগ্রহের সময়ে সাথে ছিলেন জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হওয়া পরিবারের কয়েকজন সদস্য ও স্থানীয় সমর্থকরা। পরে মনোনয়ন গ্রহণের ছবি নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে প্রকাশ করলে বিষয়টি রাজনৈতিক অঙ্গনে আলোচনার সৃষ্টি হয়।
এর আগের দিন, ১৮ নভেম্বর বিকেলে তিনি ঢাকার কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে আবেদনপত্র জমা দেন। সাইফ মোস্তাফিজ জানান, “শহীদ পরিবারের অধিকার ও মানুষের ন্যায়বিচারের প্রত্যাশা পূরণ করতেই আমি শাহজাদপুর-৬ আসনে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছি।”
তিনি আরও বলেন, এলাকার জনগণের দীর্ঘদিনের বঞ্চনা, উন্নয়ন বৈষম্য ও হয়রানির বিরুদ্ধে একটি কার্যকর ভূমিকা রাখতে চান তিনি। মনোনয়ন ফরম জমা দেওয়ার খবর জানাজানি হলে সমর্থকদের মাঝে উৎসাহ দেখা যায়।
জাতীয় নাগরিক পার্টির শীর্ষ নেতারা জানান, দল আগামী নির্বাচনে তরুণ নেতৃত্বকে প্রাধান্য দিচ্ছে, যার অংশ হিসেবেই শাহজাদপুর-৬ আসনে সাইফ মোস্তাফিজকে গুরুত্বের সাথে বিবেচনা করা হচ্ছে।

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম 



















