ব্যুরো প্রধান, নওগাঁ:
নওগাঁ শহরের সুলতানপুর কালিতলা পূজা মণ্ডপে সনাতনী হিন্দু ধর্মাবলম্বী নারীদের সাথে বিএনপি নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭ টার দিকে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত এই সভায় ধর্মীয় স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রেরিত ৩১ দফা কর্মসূচির ১৬ নম্বর দফায় উল্লেখ করা হয়— “ধর্মীয় স্বাধীনতার সর্বোচ্চ ও কার্যকর নিশ্চয়তা প্রদান”। এই দফাকে সামনে রেখে আয়োজিত সভায় ৫ শতাধিক স্থানীয় হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৫ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু। তিনি উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের সকল ধরনের সহযোগিতা করার আশ্বাস ও প্রতিশ্রুতি দেন।
স্থানীয় মন্দির কমিটির সাধারণ সম্পাদক নয়ন সাহা, উৎসব কুমার দেবনাথ, কার্ত্তিক কুমার দেবনাথ, রঞ্জন চন্দ্র চক্রবর্তী প্রমুখ সভায় বক্তব্য রাখেন। তারা দুর্গাপূজাকে ঘিরে নিরাপত্তা ও সহযোগিতা কামনা করেন।
হাফিজুর রহমান আকাশের সঞ্চালনায় উপস্থিত ছিলেন জেলা যুবদলের সদস্য সচিব রুহুল আমিন মুক্তার। সভা শেষে উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়।

রিপোর্টার: 



















