হাসান আলী, হাকিমপুর (দিনাজপুর) প্রতিবেদক। জনতার কণ্ঠ.কম
দুর্গাপূজার উৎসবে হিলি সীমান্তের জিরো পয়েন্টে মিলিত হয়েছেন শত শত বাংলাদেশি ও ভারতীয় সনাতন ধর্মাবলম্বী। কাঁটা তারের বেড়া ও সীমান্তরক্ষী বাহিনীর কড়াকড়ি সত্ত্বেও তারা দূর থেকে একে অপরকে দেখতে পেয়ে পূজার আনন্দ ভাগাভাগি করেছেন। পরিবারের সঙ্গে সীমান্ত এলাকা ঘুরে, স্বজনদের এক নজর দেখার আনন্দে উদ্দীপ্ত হয়েছেন উভয়পক্ষের মানুষ।
বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুর ১২টা থেকে দেশের বিভিন্ন স্থান থেকে মানুষজন সীমান্ত এলাকা ভরিয়ে তুলেছেন। বিকেল ৫ টার দিকে হিলি সীমান্তের বাংলাদেশ অভ্যন্তরে রেল লাইনের পাশে দাঁড়িয়ে শত শত নারী-পুরুষ এবং বিভিন্ন বয়সী মানুষ দেখানো গেলেও, ওপারের ভারতীয় সীমান্তে কাঁটাতারের পাশে তাদের স্বজনেরা দাঁড়িয়ে ছিলেন। কেউ সেলফি তুলে স্মৃতি ধরে রাখছিলেন, কেউ সীমান্তের ওপারের মন্দির দেখার জন্য উঁকিঝুঁকি দিচ্ছিলেন।
গাইবান্ধা পলাশবাড়ী থেকে বাবার সঙ্গে আসা কিশোর অনিক কুমার বসাক বলেন, ‘পূজা উপলক্ষে কেনা নতুন জামা-পড়ায় এসে খুব আনন্দ পেয়েছি। এত দিন শুধু শুনেছি, আজ নিজের চোখে দেখলাম। সেলফি ও ছবি তুলে স্মৃতি ধরে রাখলাম, এক কথায় খুব মজা পেয়েছি।’
পাঁচবিবি থেকে আসা রনজু জানান, ‘আজ নবমী পূজা উপলক্ষে পরিবার নিয়ে সীমান্ত এলাকা দেখছি। ওপারে ভারতে পূজা মণ্ডপ দেখা যাচ্ছে, কিন্তু যেতে পারছি না। তবে দূর থেকে হলেও শান্তি ও পূজার অনুভূতি নিতে পারছি।’
নওগাঁ থেকে আসা মিনা রানী বলেন, ‘স্বামীর সঙ্গে মোটরসাইকেল যোগে সীমান্তে এসেছি। ভারতে স্বজন আছে, কিন্তু পাসপোর্ট ও ভিসা ছাড়া দেখা সম্ভব নয়। দূর থেকে স্বজনদের এক নজর দেখলেও তৃপ্তি হলো। প্রশাসনের কাছে অনুরোধ, উৎসবের সময় কিছুক্ষণের জন্য হলেও দেখা করার সুযোগ করে দিন।

রিপোর্টার: 



















