সিরাজগঞ্জের শাহজাদপুরে অনুষ্ঠিত এক নির্বাচনী জনসভায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ উপস্থিত হয়েছেন।
রোববার (৮ ফেব্রুয়ারি) সকাল ১০ টার দিকে শাহজাদপুর সরকারি কলেজ মাঠে ১১ দলীয় নির্বাচনী ঐক্য জোটের উদ্যোগে এ জনসভার আয়োজন করা হয়।
জনসভাটি আয়োজন করা হয় সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের এনসিপি মনোনীত প্রার্থী ও দলের যুগ্ম সদস্য সচিব এসএম সাইফ মোস্তাফিজের সমর্থনে। এতে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন হাসনাত আব্দুল্লাহ।
বক্তব্যে তিনি অভিযোগ করে বলেন, গত এক মাস ধরে একটি মহল নারীদের পোশাক ও ধর্মীয় স্বাধীনতার ওপর আঘাত হানার চেষ্টা করছে। তিনি বলেন, যারা আজ মা-বোনদের বোরখা খুলে দেওয়ার কথা বলছে, তারা ক্ষমতায় এলে বাংলাদেশকে বিবস্ত্র করে ফেলবে।
ভোটকেন্দ্র দখলের ষড়যন্ত্রকারীদের উদ্দেশে হুঁশিয়ারি দিয়ে হাসনাত আব্দুল্লাহ বলেন, তরুণ প্রজন্মের ভোটাধিকার রক্ষায় প্রয়োজনে শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াই করা হবে। একই সঙ্গে তিনি নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান।
জনসভায় সভাপতিত্ব করেন শাহজাদপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো. মিজানুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খাঁন। এছাড়া জামায়াতে ইসলামী, খেলাফত মজলিসসহ ১১ দলীয় ঐক্য জোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা জনসভায় বক্তব্য দেন।

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম 



















