পাবনার সাঁথিয়ায় এক লিবিয়া প্রবাসীর স্ত্রীর ঘর থেকে আলিফ (২৩) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২১ জুলাই) সকালে উপজেলার আতাইকুলা ইউনিয়নের রঘুনাথপুর এলাকার ওই প্রবাসীর বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় ওই প্রবাসীর স্ত্রীকে আটক করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন আতাইকুলা থানার ওসি মজিবুর রহমান।
নিহত আলিফ রঘুনাথপুর গ্রামের মৃত রইজ শেখের ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রি ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় দুই বছর আগে একই এলাকার বাসিন্দা বাদশা জীবিকার তাগিদে লিবিয়া যান। স্বামী বিদেশে থাকার সুবাদে তার স্ত্রীর সঙ্গে আলিফের পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে ওঠে বলে স্থানীয়দের দাবি। সম্পর্কের জের ধরে সোমবার দিনগত রাতে ওই নারীর ঘরে যান আলিফ। পরদিন মঙ্গলবার সকাল ৯টার দিকে ওই ঘরে আলিফের ঝুলন্ত মরদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে প্রবাসীর স্ত্রীকে আটক করে থানায় নেওয়া হয়েছে।
পুলিশের একটি সূত্রের দাবি, রাতে প্রবাসীর স্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়ে আলিফ তাকে বিয়ের প্রস্তাব দেন। তবে ওই নারী এতে রাজি না হওয়ায় অভিমানে আলিফ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
আতাইকুলা থানার ওসি মজিবুর রহমান বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে জিজ্ঞাবাদের জন্য ওই প্রবাসীর স্ত্রীকে আটক করা হয়েছে।
তিনি বলেন, পরকীয়ার জেরে এ ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে ঘটনাটি গভীরভাবে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

ন্যাশনাল ডেস্ক। জনতার কণ্ঠ.কম 




















