কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বিভিন্ন অভিযোগে করা ১১ মামলার আসামি লোকমান হোসেন খানকে (৪০) আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় বাসিন্দারা।
শনিবার (২২ আগস্ট) রাতে উপজেলার চান্দলা ইউনিয়নের দক্ষিণ চান্দলা গ্রামের টানা ব্রিজ এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে পুলিশে খবর দিলে তাকে হেফাজতে নেয় পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, লোকমানের বিরুদ্ধে ডাকাতির চেষ্টা, চুরি, চাঁদাবাজি, নারী অপহরণ, মাদক ও সরকারি কাজে বাধা দেওয়াসহ বিভিন্ন অভিযোগে ব্রাহ্মণপাড়া, কুমিল্লা কোতোয়ালি মডেল এবং ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) খিলগাঁও থানায় মোট ১১টি মামলা রয়েছে। এর মধ্যে কয়েকটি মামলা আদালতে বিচারাধীন। ২০১০ সাল থেকে বিভিন্ন সময়ে তার বিরুদ্ধে এসব মামলা করা হয়।
লোকমান হোসেন খান উপজেলার চান্দলা ইউনিয়নের চান্দলা গ্রামের রামচন্দ্রপুর এলাকার মৃত জামাল আহমেদ খানের ছেলে।
স্থানীয়রা জানান, শনিবার রাতে দক্ষিণ চান্দলা গ্রামের টানা ব্রিজ এলাকায় লোকমানকে দেখতে পান তারা। পরে তাকে আটক করে ব্রাহ্মণপাড়া থানা পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে নিজেদের হেফাজতে নেয়।
স্থানীয় কয়েকজন বাসিন্দার অভিযোগ, এলাকায় লোকমানের প্রভাব থাকায় দীর্ঘদিন ধরে তার বিরুদ্ধে প্রকাশ্যে কথা বলতে অনেকে ভয় পেতেন। তার বিরুদ্ধে এলাকায় আধিপত্য বিস্তার, মাদক ব্যবসা এবং অবৈধভাবে ড্রেজার মেশিন পরিচালনাসহ নানা অপকর্মে জড়িত থাকারও অভিযোগ রয়েছে।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বলেন, স্থানীয় লোকজন লোকমান হোসেনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ১১টি মামলা রয়েছে। মামলাগুলোর তথ্য যাচাই-বাছাই করে আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে হাজির করা হয়। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ন্যাশনাল ডেস্ক। জনতার কণ্ঠ.কম। 




















