নাটোরের সিংড়ায় চলনবিলের মৎস্যসম্পদ বৃদ্ধি ও প্রাকৃতিক জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্য নিয়ে আনুষ্ঠানিকভাবে পোনা মাছ অবমুক্তকরণ করা হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) নাটোরস্থ সিংড়া কল্যাণ সমিতির উদ্যোগে চলনবিলের সিংড়া পয়েন্ট এলাকায় এই বিশেষ কর্মসূচি পালন করা হয়।
নাটোরস্থ সিংড়া কল্যাণ সমিতির সভাপতি এবং নাটোর দত্তপাড়া মডেল ডিগ্রি কলেজের অধ্যক্ষ আল আসাদ বিন সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু।

আরও পড়ুন: হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযানে আটক ১২
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “চলনবিল কেবল আমাদের অঞ্চলের প্রাণ নয়, এটি সারা দেশের মৎস্যসম্পদের অন্যতম বড় উৎস। বিলের প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখা এবং দেশীয় মাছের বংশবৃদ্ধিতে এমন উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। চলনবিলের জীববৈচিত্র্য রক্ষা ও মৎস্যসম্পদ বৃদ্ধিতে আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে।”
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক শারফুল ইসলাম বুলবুল, উপজেলা বিএনপির সদস্য ও ৯ নম্বর তাজপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. শাহাদত হোসেন এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক হিরাদুল ইসলাম।
এছাড়াও স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী, গণমাধ্যমকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ পোনা মাছ অবমুক্তকরণ কর্মসূচিতে অংশ নেন। পরে অতিথিবৃন্দ চলনবিলের উন্মুক্ত জলাশয়ে রুই, কাতলা ও মৃগেলসহ বিভিন্ন প্রজাতির পোনা মাছ অবমুক্ত করেন।

সৌরভ সোহরাব, সিংড়া (নাটোর) প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম 





















One thought on “সিংড়ার চলনবিলে পোনা মাছ অবমুক্ত করা হয়েছে”