সাইকেলে চেপে ৬টি দেশ অতিক্রম করে পবিত্র হজ পালনের লক্ষ্যে এক ব্যতিক্রমী অভিযানে বের হয়েছেন নরসিংদীর বেলাবো উপজেলার তরুণ সজিব তালুকদার। তার এই দুঃসাহসিক ও ব্যতিক্রমী উদ্যোগ স্থানীয়দের মাঝে ব্যাপক উৎসাহ ও আলোড়ন সৃষ্টি করেছে।
সজিব বেলাবো উপজেলার সল্লাবাদ ইউনিয়নের ইব্রাহিমপুর গ্রামের তালুকদার বাড়ির সালাউদ্দিন তালুকদারের ছেলে।
সাইকেলে হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে সৌদি আরবের পবিত্র মক্কা নগরীতে পৌঁছে হজ পালন করাই তার এই সফরের মূল উদ্দেশ্য। সৌদি আরব পৌঁছাতে তাকে একে একে ৬টি দেশ অতিক্রম করতে হবে। এটিই তার প্রথম দীর্ঘ পথচলা নয়; এর আগে তিনি সাইকেলে দেশের ৬৪টি জেলা ভ্রমণ করেছেন। এছাড়া মাত্র ৪৮ ঘণ্টায় টেকনাফ থেকে তেঁতুলিয়া সাইকেলে পাড়ি দেওয়ার এক অনন্য রেকর্ডও রয়েছে তার ঝুলিতে।
নিজের এই যাত্রা সম্পর্কে সজিব বলেন, ‘ছোটবেলা থেকেই সাইকেল চালিয়ে হজে যাওয়ার একটি সুপ্ত স্বপ্ন লালন করছিলাম। অবশেষে সেই স্বপ্ন পূরণের লক্ষ্যেই যাত্রা শুরু করেছি। নিরাপদে গন্তব্যে পৌঁছে যেন পবিত্র হজ সম্পন্ন করতে পারি, সেজন্য দেশবাসীর কাছে দোয়া চাই।’
বেলাবো প্রেস ক্লাবের সভাপতি মো. মোশাররফ হোসেন নীলু বলেন, ‘সজিব শুধু বেলাবোর নয়, পুরো দেশের নাম উজ্জ্বল করতে যাচ্ছে। এর আগেও সে ৪৮ ঘণ্টায় টেকনাফ থেকে তেঁতুলিয়া গিয়ে রেকর্ড গড়েছে। ইনশাআল্লাহ, এবারও সে সফলভাবে গন্তব্যে পৌঁছাবে।’
সজিবের বাবা সালাউদ্দিন তালুকদার বলেন, ‘বাবা হিসেবে তার এই মহৎ ইচ্ছাকে আমি সানন্দে স্বাগত জানিয়েছি। সে যেন সহি-সালামতে পুরো পথ পাড়ি দিয়ে হজ শেষ করে আমাদের বুকে ফিরে আসতে পারে, সেজন্য সবার কাছে দোয়া চাই।’
বেলাবো উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজিজ সারতাজ জায়েদ বলেন, ‘সজিবের এই সাহসিক সিদ্ধান্ত সত্যিই প্রশংসনীয়। তরুণ প্রজন্মের অদম্য ইচ্ছাশক্তির এটি এক দারুণ দৃষ্টান্ত। তার এই দীর্ঘ সফর সফল হোক। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তার নিরাপদ যাত্রার জন্য আন্তরিক শুভকামনা রইল।’

ন্যাশনাল ডেস্ক। জনতার কণ্ঠ.কম 




















