কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা সদরের হাজী গোলাম হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজসেবক ও দানবীর মরহুম হাজী গোলাম হোসেন মহাজনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলার ঐতিহ্যবাহী হাজী গোলাম হোসেন বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয়ের শিক্ষক মণ্ডলী ও পরিচালনা পর্ষদের উদ্যোগে এ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি সারওয়ার হোসেন লিটন। এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, পরিচালনা পর্ষদের সদস্যসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, হাজী গোলাম হোসেন মহাজন তাড়াইলের শিক্ষা ও সমাজসেবার ক্ষেত্রে একজন নিবেদিতপ্রাণ মানুষ ছিলেন। বিশেষ করে নারী শিক্ষার প্রসারে তাঁর ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁর উদ্যোগ, নিজস্ব অর্থায়ন ও জমিতে প্রতিষ্ঠিত হাজী গোলাম হোসেন বালিকা উচ্চ বিদ্যালয় দীর্ঘদিন ধরে তাড়াইল উপজেলার মেয়েদের শিক্ষার সুযোগ সৃষ্টি করে আসছে।
বক্তারা আরও বলেন, পিছিয়ে থাকা একটি জনপদে নারী শিক্ষার প্রসারে তাঁর উদ্যোগ শুধু একটি শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলার মধ্যেই সীমাবদ্ধ ছিল না। এর মাধ্যমে তিনি তাড়াইলে নারী শিক্ষার একটি দীর্ঘস্থায়ী ভিত্তি তৈরি করে গেছেন। তাঁর প্রতিষ্ঠিত শিক্ষাপ্রতিষ্ঠানটি ভবিষ্যৎ প্রজন্মের মধ্যেও তাঁর স্মৃতি ও অবদান বহন করবে।
মিলাদ ও দোয়া মাহফিল শেষে মরহুম হাজী গোলাম হোসেন মহাজনের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

রুহুল আমিন, তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম 




















