চট্টগ্রামের বোয়ালখালীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। উপজেলা প্রশাসন, বোয়ালখালী ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর যৌথ আয়োজনে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।
এবারের আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের প্রতিপাদ্য—‘Literacy for People, the Planet and Prosperity’। এর বাংলা অর্থ—‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’।
দিবসটি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন, সাক্ষরতা মানুষের মৌলিক অধিকার। জ্ঞান ও দক্ষতা অর্জনের মাধ্যমে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের উন্নয়ন সম্ভব। তাই একটি আলোকিত, সচেতন ও সমৃদ্ধ সমাজ গঠনে সবার জন্য সাক্ষরতা নিশ্চিত করা জরুরি।
বক্তারা আরও বলেন, ‘সাক্ষর মানুষ, সমৃদ্ধ দেশ’—এই লক্ষ্য বাস্তবায়নে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। বিশেষ করে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে শিক্ষা ও দক্ষতার আওতায় আনতে কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তারা।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আরিফুল ইসলাম, বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম 




















