“মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশালের আগৈলঝাড়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আবার উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপানুষ্ঠানিক শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) ও সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল মান্নান মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিরুপম মজুমদার।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমজাদ হোসেন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শিকদার হাফিজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা সেকেন্দার আলী মৃধা, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাহাবুবুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ফারহানা আক্তার, আগৈলঝাড়া প্রেসক্লাবের সভাপতি মো. শামীমুল ইসলাম শামীম, জুলাই যোদ্ধা আহ্বায়ক আবুল হোসেন মোল্লা, ভেগাই হালদার পাবলিক একাডেমির প্রধান শিক্ষক যতীন্দ্রনাথ মিস্ত্রী, সহকারী শিক্ষক সমাজের সভাপতি এইচ এম মাসুদ, সাধারণ সম্পাদক অনিমেষ হালদার এবং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান।
এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, দারিদ্র্য ও বৈষম্য দূর করে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সাক্ষরতার প্রসার অত্যন্ত জরুরি। সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে শিক্ষার আলোয় যুক্ত করতে সরকারি উদ্যোগের পাশাপাশি সামাজিক সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তারা।

মৃদুল দাস, আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম 




















