চট্টগ্রাম নগরের হালিশহর থেকে মিথিলা নামে এক কলেজছাত্রী নিখোঁজ হন। পরে তাকে অপহরণ করা হয়েছে দাবি করে পরিবারের কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ চাওয়া হয়েছে। একই সঙ্গে থানায় করা সাধারণ ডায়েরি (জিডি) তুলে নিতে হুমকি দেওয়ার অভিযোগও করেছে পরিবার।
ভুক্তভোগী চট্টগ্রামের বেপজা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী। তিনি পরিবারের সঙ্গে নগরের দক্ষিণ হালিশহর এলাকায় বসবাস করেন।
ভুক্তভোগীর ভাই হৃদয় কালবেলাকে বলেন, মিথিলা নিখোঁজ হওয়ার পর তারা বন্দর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডি করার পর তার মোবাইল ফোনে ‘ব্রিলিয়ান্ট অ্যাপস’ নামে একটি ভিওআইপি নম্বর থেকে কল আসে। ওই কল থেকে জিডি তুলে নেওয়ার জন্য হুমকি দেওয়া হয়। একই সঙ্গে মুক্তিপণ হিসেবে পাঁচ লাখ টাকা দাবি করা হয়।
তিনি আরও বলেন, জিডি করার পরও অপরিচিত একটি নম্বর থেকে ফোন করে আমাকে জিডি তুলে নিতে বলা হয়। একই সঙ্গে পাঁচ লাখ টাকা দাবি করা হয়। বিষয়টি আমি নিখোঁজ জিডির তদন্ত কর্মকর্তাকে জানিয়েছি।
এ বিষয়ে বেপজা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ক্যাপ্টেন মো. আশরাফুল আলম (অব.) বলেন, ভুক্তভোগীর পরিবার গতকাল মঙ্গলবার তাদের সঙ্গে যোগাযোগ করে। পরে তিনি পরিবারকে পুলিশের শরণাপন্ন হওয়ার পাশাপাশি থানায় নিখোঁজের বিষয়ে জিডি করার পরামর্শ দেন।
নিখোঁজের ঘটনায় করা জিডির তদন্ত কর্মকর্তা খায়রুল বাশার সাজিদ বলেন, ‘সম্ভাব্য সব ক্লু পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই-বাছাই করে ভুক্তভোগীকে খুঁজে বের করার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। একই সঙ্গে তার পরিবারের কাছে অপহরণকারীদের পক্ষ থেকে করা কলটির ফরেনসিক বিশ্লেষণ এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে।’
তিনি আরও বলেন, ঘটনাটি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে এবং ভুক্তভোগীকে উদ্ধারে পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের চেষ্টা চালানো হচ্ছে।

ন্যাশনাল ডেস্ক। জনতার কণ্ঠ.কম 




















