আর্জেন্টিনা ফুটবল দলকে নিয়ে বাংলাদেশে কী পরিমাণ উন্মাদনা রয়েছে, ফুটবল বিশ্বকাপের সময় সেটা স্পষ্ট বোঝা যায়। উন্মাদনার কারণ লিওনেল মেসি। জাদুকর, রেকর্ডের বরপুত্র—যত উপাধিই দেওয়া হোক না কেন, সব যেন কম পড়ে যায়। এবার বাংলাদেশের ফুটবল বাজার ধরতেই যেন মেসিকে নিয়ে বাংলায় পোস্ট দিল ইন্টার মায়ামি।
মায়ামির নু স্টেডিয়ামে আজ বাংলাদেশ সময় ভোরে ক্রুজ আজুল-ইন্টার মায়ামি ম্যাচ না বলে চাইলে যেকেউ মেসি-ক্রুজ আজুল। মায়ামির দুটি গোলেই তিনি অবদান করেছেন। একটি তিনি করেছেন। অপরটি কাসেমিরোকে দিয়ে করিয়েছেন। ২-০ গোলে মায়ামি জেতে ক্যাম্পিওনেস কাপ। যা মেসির ক্যারিয়ারের ৪৮তম শিরোপা। আর্জেন্টাইন তারকার রেকর্ড শিরোপা জয়ের কয়েক ঘণ্টা পর ইন্টার মায়ামি নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে বাংলায় ক্যাপশন দিয়েছে, ‘আরেক রাত, আরেক শিরোপা।’ ক্যাপশন শেষে স্বর্ণালি ট্রফির ইমোজি বসিয়েছে যুক্তরাষ্ট্রের ক্লাবটি।
বাংলায় দেওয়া পোস্টে ১০ ছবি বসিয়েছে মায়ামি। সেখানে মেসি-লুইস সুয়ারেজ-রদ্রিগো দে পল-কাসেমিরোদের শিরোপা হাতে হাস্যোজ্জ্বল চেহারার ছবি রয়েছে। সবাই মিলে একসঙ্গে ট্রফি হাতে নিয়ে উদযাপনের ছবিও দেখা গেছে। বাংলায় পোস্টটি ইন্টার মায়ামি দিয়েছে আজ সকাল ১১টা ২২ মিনিটে। ৫ ঘণ্টার মধ্যে প্রায় ৩০ হাজার প্রতিক্রিয়া দেখা গেছে। মন্তব্যর সংখ্যা ৫০০ ছুঁইছুঁই। শেয়ার হয়েছে ৭৩২।
ক্যাম্পিওনেস কাপ জিতে মায়ামি যেমন চতুর্থ শিরোপা জিতেছে, মেসিরও মায়ামির হয়ে চতুর্থ শিরোপা। ৪৮ শিরোপার মধ্যে সর্বোচ্চ ৩৫ শিরোপা তিনি জিতেছেন বার্সেলোনার জার্সিতে। ২০২২ কাতার বিশ্বকাপ জিতে তিনি তাঁর আজন্মলালিত স্বপ্নপূরণ করেছেন। আর্জেন্টিনাও পায় ৩৬ বছর পর বিশ্বকাপ জয়ের স্বাদ। চ্যাম্পিয়ন হয়েছেন ২০২১ ও ২০২৪ কোপা আমেরিকাতেও। যেখানে ২০২১ কোপা আমেরিকা জিতে আর্জেন্টিনার দীর্ঘ ২৮ বছরের শিরোপাখরার অবসান হয়েছে। ২০২২ ফিনালিসিমাও জিতেছেন আর্জেন্টাইন অধিনায়ক।

মেসির পরে সর্বোচ্চ শিরোপার তালিকায় দুইয়ে দানি আলভেজ। ক্যারিয়ারে ৪৩ শিরোপা জিতেছেন আলভেজ। ২০২৩ সালের জানুয়ারির পর প্রতিযোগিতামূলক ফুটবলে আর তাকে দেখা যায়নি। এমনকি মেসির সঙ্গে আলভেজ বার্সেলোনায় অনেক স্মরণীয় মুহূর্তের সাক্ষীও হয়েছেন।
ক্রুজ আজুল-ইন্টার মায়ামি ক্যাম্পিওনেস কাপ ফাইনাল শুরুর ২৪ মিনিটেই তিনি গড়ে ফেললেন রেকর্ড। বন্ধু লুইস সুয়ারেজের ক্রসে মাথা ছুঁয়ে মেসি করে ফেললেন মায়ামির হয়ে তার শততম গোল। শুধু গোলের রেকর্ড গড়েই থেমে থাকেননি আর্জেন্টাইন তারকা, করেছেন অ্যাসিস্টও। ৮১ মিনিটে তাঁর অ্যাসিস্টে গোল করেন কাসেমিরো।
চ্যাম্পিয়ন হওয়ার পথে মায়ামির হয়ে গোলের সেঞ্চুরি করলেন মেসি। যুক্তরাষ্ট্রের ক্লাবটির জার্সিতে ১১৫ ম্যাচে করলেন শততম গোল। যেটা তার আন্তর্জাতিক ফুটবল, ক্লাব ক্যারিয়ার সব মিলিয়ে দ্রুততম সেঞ্চুরি। তার আগে আর্জেন্টিনা, বার্সেলোনার হয়েও গোলের সেঞ্চুরি করেছেন মেসি। তবে তখন শততম গোল করতে আর্জেন্টিনা, বার্সেলোনার জার্সিতে ১৫০-এরও বেশি ম্যাচ খেলতে হয়েছিল তাকে। কাতালানদের হয়ে গোলের সেঞ্চুরি করেছিলেন ১৮৮ ম্যাচে। আর্জেন্টিনার জার্সিতে ১০০ গোল করতে খেলতে হয়েছিল ১৭৪ ম্যাচ।

ক্রীড়া ডেস্ক। জনতার কণ্ঠ.কম 


















