চট্টগ্রাম প্রতিনিধি :
গার্মেন্টসে চাকরি দেওয়ার কথা বলে এক তরুণীকে গণধর্ষণের ঘটনা ঘটেছে। ৯৯৯ এ ফোন পেয়ে ওই তরুণীকে উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৫ আগষ্ট) চট্টগ্রামের আনোয়ারা থানা এলাকায় ঘটনাটি ঘটে। বৃহস্পতিবার (০৭ আগস্ট) ওই তরুণী বাদী হয়ে মামলা করার পর দুই ধর্ষককে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার রায়পুর ইউনিয়নের উত্তর পরুয়াপাড়া গ্রামের রিপন প্রকাশ এনামুল হক (২৭) ও বোয়ালিয়া গ্রামের মো. সাইফুদ্দিন (৩৪)।
মামলায় বাদীর অভিযোগ ও পুলিশ সূত্রে জানা যায়, ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার ওই তরুণী চাকরির খোঁজে ৩১ জুলাই চট্টগ্রামে মামার বাসায় আসেন। বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরির খোঁজ করতে গিয়ে পরিচয় হয় এনামুল হকের সঙ্গে। এনামুল নিজেকে চট্টগ্রামের ইয়ংওয়ান গার্মেন্টসের কর্মী বলে পরিচয় দেন।
গত ৪ আগস্ট সকালে চাকরি দেওয়ার কথা বলে তরুণীকে সিইপিজেড এলাকায় নিয়ে যান এনামুল। দিনভর ঘুরে সন্ধ্যার পরপরই আনোয়ারার বোয়ালিয়া ঈদগাঁর পাশের খামারে একটি ঘরে নিয়ে ধর্ষণ করেন। পরে এনামুল তাকে বাড়িতে নিয়ে গেলে স্ত্রী বিষয়টি বুঝতে পারেন। সে উত্তেজিত হলে রাত কাটানোর জন্য পাশের প্রতিবেশীর ঘরে থাকার ব্যবস্থা করেন।
পরদিন ৫ আগস্ট ভোরে এনামুল তরুণীকে নিয়ে আবার বের হলে পথে মো. সাইফুদ্দিনও তার সঙ্গে থাকা তিনজন অজ্ঞাত ব্যক্তি ওই ঝুপড়ি ঘরে নিয়ে যায়। সেখানে তাকে আবারও সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হয়। এ সময় তরুণীর চিৎকারের পর ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে ও এনামুল হককে আটক করে। এ সময় অন্যরা পালিয়ে যায়।
আনোয়ারা থানার ওসি মনির হোসেন জানান, অভিযান চালিয়ে দুজনকে আটক করা হয়েছে। মামলার পরে তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।

রিপোর্টার: 



















