ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আইমান সাফাদির বক্তব্যের জবাবে কটাক্ষ করে বলেছেন, ইরান ও আরব দেশগুলোর সার্বভৌমত্বকে সম্মান করছে না যুক্তরাষ্ট্র। খবর আল জাজিরার।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আরাগচি প্রশ্ন তোলেন, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন ঘাঁটি থেকে যুক্তরাষ্ট্রের হামলার জবাব দিতে ইরানকে কতক্ষণ অপেক্ষা করতে হবে।
এর আগে সাফাদি বলেছিলেন, মার্কিন হামলার পর আরব দেশগুলোতে ইরানের দ্রুত পাল্টা হামলাকে নিছক প্রতিশোধমূলক পদক্ষেপ হিসেবে দেখার সুযোগ নেই। এগুলো আগে থেকেই পরিকল্পিত নীতির অংশ।

আরও পড়ুন: অস্ত্র সংকটের খবর ছড়ানো মিডিয়াকে ‘দেশদ্রোহী আবর্জনা’ বললেন ট্রাম্প
এর জবাবে আরাগচি কটাক্ষ করে বলেন, ‘যে আগ্রাসী আরব ও ইরানের সার্বভৌমত্বকে সম্মান করে না, তার বিরুদ্ধে জবাব দেওয়ার আগে জর্ডানের পররাষ্ট্রমন্ত্রীর মতে ইরানকে কতক্ষণ অপেক্ষা করা উচিত?’
তিনি আরও প্রশ্ন করেন, ‘প্রথম দফার মার্কিন হামলায় নিরীহ ইরানিদের হত্যার ঘটনায় আরব দেশগুলোর আকাশসীমা, স্থলভূমি ও জলসীমা ব্যবহার করা হয়েছিল এ বিষয়টি কি তিনি সত্যিই জানেন না?’
আরাগচির অভিযোগ, ইরানি বেসামরিকদের মৃত্যুর জন্য দায়ী মার্কিন হামলাগুলোর কিছু আরব দেশ থেকে পরিচালিত বা সহযোগিতা করা হয়েছিল।
এদিকে ইরানে গত কয়েক দিনের মার্কিন বিমান হামলায় অন্তত ১৮ জন নিহত এবং ১৪২ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র হোসেইন কারমানপুর।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে কারমানপুর জানান, গত ৩০ আগস্ট সন্ধ্যা থেকে ২ সেপ্টেম্বর সন্ধ্যার মধ্যে এসব হতাহতের ঘটনা ঘটে।
আহতদের মধ্যে ৬১ জন নারী এবং ১৮ বছরের কম বয়সী ৪৪ জন রয়েছে। নিহতদের মধ্যে দুই নারী ও একটি শিশু রয়েছে বলে জানান তিনি।
সূত্র : আল জাজিরা

আন্তর্জাতিক ডেস্ক। জনতার কণ্ঠ.কম 





















One thought on “আরব দেশে হামলা নিয়ে প্রশ্ন, জর্ডানকে পাল্টা প্রশ্ন আরাগচির”