আলেয়া মান্নান
মেঘ তুমি ভেসে ভেসে, সবার খবর রাখো।
আমার মনের মানুষটারে, কী নামে ডাকো?
নদীর কূলে ঘর ছিল, পাতার ছাউনি দিয়ে।
এখনো কি বৃষ্টি ঝরাও, সেখানেতে গিয়ে?
এখনো কি তার উঠোনে, ঝিঙে ফুল ফোটে?
আগের মতোই কি তার মনে, গান গেয়ে ওঠে?
এখনো কি ছবি আঁকে, দোতারা বাজায় আর?
ওদিকেতে যাও যদি মেঘ, খবর আনিও তার।
জানো মেঘ, এখন মোরে, ভুলেই গেছে সে।
তুমি বিনে ওর খবরটুকু, এনে দেবে কে?
তার কাছে যে ছুটে যাব, সে উপায়ও নাই।
নিজের হাতে ভেঙে দিয়েছে, ‘নদীর সাঁকোটাই।’
তবুও যদি জানতে চায়, শুনিয়ে দিও তাকে—
‘এখন আমি দিব্যি আছি, ভুলেই গেছি তাকে।’
শোনার পরে দেখো যদি, মুচকি একটু হাসে,
সেই খবরটাও আমায় দিও, তুমি ফিরে এসে।
তার সুখেতেই আমি সুখী, সেও জানে ভালো।
তাকে নিয়ে জ্বালিয়েছিলাম, আঁধার ঘরে আলো।

রিপোর্টার। জনতার কণ্ঠ.কম। 

























