সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে ফের আলোচনায় কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। ভিডিওটিতে তাকে গুরুতর অসুস্থ ও মৃত্যুর সঙ্গে লড়াই করছেন বলে দাবি করা হয়েছে। তবে বিষয়টি নিছক গুজব ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি বিভ্রান্তিকর কনটেন্ট—এমন দাবি করে ক্ষোভ প্রকাশ করেছেন রুনা লায়লার মেয়ে তানি লায়লা। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি এ ধরনের মিথ্যা তথ্য ছড়ানোর বিরুদ্ধে কড়া বার্তা দিয়েছেন।
তানির দাবি তার মা রুনা লায়লা সম্পূর্ণ সুস্থ। ফেসবুকে তিনি লিখেছেন, ‘সামান্য কিছু অর্থ উপার্জনের লোভে এ ধরনের পোস্ট, এআই দিয়ে তৈরি ইউটিউব ভিডিও এবং ভুয়া খবর ছড়ানোর বিষয়টি দেখে আমি সত্যিই বিরক্ত ও অতিষ্ঠ হয়ে পড়েছি! আমি ব্যক্তিগতভাবে এ ধরনের কন্টেন্টগুলোর বিরুদ্ধে রিপোর্ট করা শুরু করব—একটা একটা করে, যতক্ষণ না এই সব মাথামোটা লোক তাদের এসব বাজে কাজ বন্ধ করে।’
তানির আক্ষেপ, ‘আমার মা তার জীবনের ৬টি দশক সংগীতের সেবায় উৎসর্গ করেছেন। অথচ মানুষ এখনও তাকে এভাবেই অসম্মান করে চলেছে; কী চরম লজ্জার ও অপমানের বিষয় আমাদের জন্য!’

সবশেষে রুনা লায়লার সুস্থতা দাবি করে তিনি লেখেন, ‘আমার মা সম্পূর্ণ সুস্থ ও জীবিত আছেন; কেউ মারা যাননি বা মৃত্যুর মুখেও নেই। এসবই এআইয়ের মাধ্যমে তৈরি ভিডিও ও ছবি। গণমাধ্যমের কাছে আমার অনুরোধ, দয়া করে তথ্য যাচাই করুন এবং যথাযথ সতর্কতা অবলম্বন করুন।’
এর আগেও রুনা লায়লাকে নিয়ে গুজব ছড়িয়েছিল। গেল ১৪ জুলাই চাউর হয়েছিল তার মৃত্যুর খবর। গায়িকা তখন মিনার-ই-দিল্লি পুরস্কার গ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে দিল্লি অবস্থান করছিলেন। সেখান থেকে লিখেছিলেন, ‘আমার মৃত্যুর বিষয়ে কিছু অদ্ভুত গুজব ছড়ানো হচ্ছে। আমি সবাইকে জানাতে চাই, আমি সম্পূর্ণ সুস্থ এবং ভালো আছি।’
পোস্টে তিনি ভক্তদের অনুরোধ করেছিলেন, কোনো তথ্য যাচাই ছাড়া যেন তা শেয়ার না করা হয়। তার মতে, এ ধরনের গুজব শুধু শিল্পী হিসেবে তাকেই নয়, তার পরিবার ও ঘনিষ্ঠজনদেরও মানসিকভাবে আঘাত করে। তবে এবার এখনো কোনো প্রতিক্রিয়া জানাননি উপমহাদেশের এ জীবন্ত কিংবদন্তি।

বিনোদন ডেস্ক । জনতার কণ্ঠ.কম 





















One thought on “কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লার মৃত্যু নিয়ে ছড়ানো খবরটি গুজব”