মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মসজিদের পাশের ঝোপ থেকে একটি জীবিত নবজাতক কন্যা শিশুকে উদ্ধার করা হয়েছে।
সোমবার (২৯ জুন) দিবাগত রাত প্রায় ১টার দিকে হাসপাতাল এলাকায় হঠাৎ নবজাতকের কান্নার শব্দ শুনতে পান দায়িত্বরত এক আয়া। পরে তিনি বিষয়টি কর্মরত নার্সদের অবহিত করলে তারা ঘটনাস্থলে গিয়ে মসজিদের পাশের ঝোপ থেকে শিশুটিকে উদ্ধার করেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত নবজাতককে তাৎক্ষণিকভাবে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়। বর্তমানে শিশুটি জীবিত রয়েছে এবং চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
কে বা কারা গভীর রাতে নবজাতকটিকে হাসপাতাল চত্বরে ফেলে রেখে গেছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। ঘটনাটি জানাজানি হলে হাসপাতালে স্থানীয় উৎসুক মানুষের ভিড় জমে।
এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, শিশুটির পরিচয় শনাক্ত এবং পরবর্তী আইনগত ও প্রশাসনিক কার্যক্রম গ্রহণের প্রস্তুতি চলছে। পাশাপাশি বিষয়টি খতিয়ে দেখতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে।

মোঃ দুলাল সরকার, গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম। 


















