চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সরলা ফুলতলা এলাকায় অবৈধভাবে ব্যবহৃত ব্যাটারি পুড়িয়ে সীসা উৎপাদনের একটি কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়েছে। এ সময় পরিবেশ দূষণের দায়ে ৮ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) রাত ৯টা থেকে বুধবার (৫ আগস্ট) রাত ১টা ৩০ মিনিট পর্যন্ত পরিচালিত এ অভিযানে পরিবেশ অধিদপ্তরের প্রসিকিউশনের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইকরামুল হক নাহিদ।
অভিযানকালে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর উপায়ে ব্যবহৃত ব্যাটারি পুড়িয়ে সীসা উৎপাদনের সত্যতা পাওয়া যায়। এ অপরাধে পরিবেশ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জের সহকারী পরিচালক আবু সাঈদ-এর প্রসিকিউশনের ভিত্তিতে ৮ জনকে ১ থেকে ৩ মাস পর্যন্ত বিভিন্ন মেয়াদের কারাদণ্ড এবং ১০ হাজার থেকে ১ লাখ টাকা পর্যন্ত অর্থদণ্ড প্রদান করা হয়।
এ ছাড়া নেসকো-১-এর সহযোগিতায় কারখানাটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়, যাতে ভবিষ্যতে সেখানে পুনরায় অবৈধ কার্যক্রম পরিচালনা করা না যায়।
অভিযানে সদর মডেল থানার পুলিশের দুটি দল সার্বিক নিরাপত্তার দায়িত্ব পালন করে।
সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইকরামুল হক নাহিদ বলেন, “পরিবেশ দূষণ ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।”

মোহাম্মদ রবিউল ইসলাম, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম 




















