ঠাকুরগাঁওয়ে একটি বিনোদনকেন্দ্রে অভিযান চালিয়ে খেলনা পিস্তল, ওয়াকিটকি, ইয়াবা ও বৈদ্যুতিক শক মেশিনসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধারের দাবি করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তিনজনকে আটক করা হয়।
মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেল সাড়ে পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত সদর উপজেলার আকচা ইউনিয়নের দক্ষিণ ঠাকুরগাঁও এলাকার ভিন্ন জগৎ পার্কে এ অভিযান চালানো হয়।
আটক ব্যক্তিরা হলেন- আকচা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. সারোয়ার চৌধুরীর ছেলে মো. সায়িদ চৌধুরী, সরকারপাড়ার রিয়া আক্তার (২৫) এবং একই এলাকার ফরহাদ হোসেন জিকো (৩০)।
ডিবি পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, অভিযানে একটি খেলনা পিস্তল, চারটি ওয়াকিটকি, দুটি রড, তিনটি ইয়াবা ট্যাবলেট, একটি বৈদ্যুতিক শক মেশিন এবং যৌন উপকরণ জব্দ করা হয়। অভিযানকালে রিয়া আক্তারকে আপত্তিকর ও মাদকাসক্ত অবস্থায় এবং ফরহাদ হোসেনকে তাদের সহযোগী হিসেবে আটক করা হয়।
ডিবি পুলিশের দাবি, স্বপ্ন জগৎ পার্কটি আকচা ইউনিয়ন বিএনপির সভাপতি সারোয়ার চৌধুরীর মালিকানাধীন এবং তার ছেলে সায়িদ চৌধুরী পার্কটি পরিচালনা করেন।
স্থানীয় কয়েকজন বাসিন্দার অভিযোগ, পার্কটিতে আগে থেকেই বিভিন্ন ধরনের অনৈতিক কর্মকাণ্ড চলত। তবে এসব অভিযোগের বিষয়ে পার্ক কর্তৃপক্ষ বা সংশ্লিষ্ট বিএনপি নেতার বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
পরে আটক ব্যক্তিদের ঘটনাস্থলে নিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন। আদালত তিনজনকেই ১ হাজার ৫০০ টাকা জরিমানা ও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) এটিএম গোলাম রসুল বলেন, ‘আমাদের কাছে আগে থেকে অভিযোগ ছিল যে সেখানে অসামাজিক কার্যকলাপ মাদক সেবন করা হয়। গতকাল আমাদের একটি দল স্বপ্ন জগৎ পার্কে অভিযান পরিচালনা করে তিনজনকে আটক করে। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়।’

ন্যাশনাল ডেস্ক। জনতার কণ্ঠ.কম। 




















