ডেঙ্গুর বিস্তার রোধে জনসচেতনতা বৃদ্ধি, পরিবেশের পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত এবং মশার প্রজননস্থল ধ্বংসের লক্ষ্যে নওগাঁ জেলা ছাত্রদলের সার্বিক তত্ত্বাবধানে নওগাঁ সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে কলেজ চত্বরে চার ঘণ্টাব্যাপী এ অভিযান পরিচালনা করা হয়। কর্মসূচির প্রথম দুই দিন পুরো কলেজ ক্যাম্পাস ও হলগুলোতে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালানো হবে। পরবর্তীতে প্রতিদিন এক ঘণ্টা করে এ কার্যক্রম অব্যাহত রাখবেন ছাত্রদলের নেতাকর্মীরা।
অভিযানে নওগাঁ জেলা ছাত্রদলের আহ্বায়ক মামুন বিন ইসলাম দোহা, সদস্যসচিব তাজুল ইসলাম তাজ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহজাহান বাদশা, নওগাঁ সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি রেদওয়ানুল ইসলাম রওনক ও সাধারণ সম্পাদক সজীব হোসেনসহ জেলা ও কলেজ শাখা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় থার্মাল ফগার মেশিন ব্যবহার করে কলেজ ক্যাম্পাস ও আশপাশের এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। শিক্ষার্থীদের মেস ও বাসাবাড়ির আশপাশে জমে থাকা পানি ও ময়লা-আবর্জনা পরিষ্কার করার পাশাপাশি মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংস করা হয়।
নওগাঁ সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি রেদওয়ানুল ইসলাম রওনক বলেন, ‘বর্ষাকালে ডেঙ্গুর প্রকোপ বাড়ে। তাই ক্যাম্পাসের প্রতিটি হল, একাডেমিক ভবন ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা জরুরি। এ কাজে সরকারের পাশাপাশি শিক্ষার্থীদেরও সহযোগিতা প্রয়োজন। সাধারণ শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধি ও ডেঙ্গুর বিস্তার রোধে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে এ কার্যক্রম অব্যাহত থাকবে।’
ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতার গুরুত্ব তুলে ধরে নওগাঁ জেলা ছাত্রদলের সদস্যসচিব তাজুল ইসলাম তাজ বলেন, ‘কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ডেঙ্গুর বিস্তার রোধে আমাদের এ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হচ্ছে। আগামীকালও এ কার্যক্রম চলবে। এরপর প্রতিদিন এক ঘণ্টা করে এ কর্মসূচি অব্যাহত রাখা হবে।’
তিনি আরও বলেন, ‘ডেঙ্গুর বিস্তার রোধে শিক্ষার্থীসহ সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ ও সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। পরিচ্ছন্নতা ও জনসচেতনতার মাধ্যমে ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগের ঝুঁকি কমানো সম্ভব। তাই সরকারের পাশাপাশি সবাইকে নিজ নিজ অবস্থান থেকে আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। মনে রাখতে হবে, প্রতিকারের চেয়ে প্রতিরোধই উত্তম।’
তিনি কলেজের সাধারণ শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলেন, ডেঙ্গু প্রতিরোধে সবাইকে নিজ নিজ জায়গা থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

নওগাঁ জেলা প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম। 





















One thought on “ডেঙ্গুর বিস্তার রোধে নওগাঁ ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান”