নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে বাড়ির পাশের একটি পতিত জমির পানিতে ভাসমান অবস্থায় আবুল হোসেন (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১২ জুলাই) সকালে উপজেলার একলাশপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মাজার রোড এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আবুল হোসেন একলাশপুর ইউনিয়নের মৃত বাবুলের ছেলে। যে স্থান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে, সেটি তার বাড়ি থেকে প্রায় ৫০ গজ দূরে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে স্থানীয় বাসিন্দারা পতিত জমির পানিতে একটি মরদেহ ভাসতে দেখে বেগমগঞ্জ থানা-পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

ইসমাইল হোসেন, নোয়াখালী ব্যুরো। জনতার কণ্ঠ.কম 




















