চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুর ২টার দিকে উপজেলার জামবাড়ীয়া ইউনিয়নের আদমপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলো—আদমপুর গ্রামের মতিউরের আড়াই বছর বয়সী ছেলে মো. রাজু এবং আতাবুরের চার বছর বয়সী ছেলে মো. নূর হোসেন।
ভোলাহাট থানা পুলিশ জানায়, বাড়ির দক্ষিণ পাশে হাঁস পালনের জন্য খনন করা একটি ছোট ডোবায় খেলার একপর্যায়ে পরিবারের সদস্যদের অগোচরে পড়ে যায় শিশু দুটি। পরে তাদের পানিতে ডুবে থাকতে দেখে উদ্ধার করা হয়। তবে ততক্ষণে তাদের মৃত্যু হয়।
দুই শিশুর মর্মান্তিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ।
এ ঘটনায় ভোলাহাট থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মোহাম্মদ রবিউল ইসলাম, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম 




















