লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ভোলাকোট ইউনিয়নের ৫নং ওয়ার্ডের শাহারপাড়া গ্রামের ব্যবসায়ী আনোয়ার হোসেন (৪০)কে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। স্থানীয়দের বরাতে জানা যায়, প্রতিবেশী ইউসুফের ছুরিকাঘাতে তিনি নিহত হন। অভিযুক্ত ইউসুফ স্থানীয় বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত বলে দাবি করেছেন এলাকাবাসী।
মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে আনোয়ার হোসেন প্রতিদিনের মতো ভোলাকোট ইউনিয়নের নাগমুদ বাজারে নিজের চায়ের দোকান খুলতে গেলে আকস্মিকভাবে প্রতিবেশী ইউসুফ এসে তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রামগঞ্জ উপজেলা সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে রামগঞ্জ থানা পুলিশ হাসপাতালে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু করে।
নিহত আনোয়ার হোসেন ওই ইউনিয়নের ৫নং ওয়ার্ডের শাহারপাড়া ব্যাপারী বাড়ির বাসিন্দা। তার স্ত্রী বলেন, “আনোয়ারের কারো সাথে কোনো শত্রুতা ছিল না। কেন তাকে হত্যা করা হলো বুঝতে পারছি না।”
ঘটনার পর অভিযুক্ত ইউসুফ পলাতক রয়েছে। তাকে গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।

মো. ইসমাইল হোসেন নোয়াখালী ব্যুরো প্রধান। জনতার কণ্ঠ.কম 



















