সীমান্ত এলাকায় চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ কমানোর পাশাপাশি শিক্ষিত বেকার যুবকদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে ঠাকুরগাঁও ব্যাটালিয়ন ৫০ বিজিবি। ১৬ সপ্তাহব্যাপী গ্রাফিক্স ডিজাইন ও ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে সীমান্তবর্তী তরুণ-তরুণীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলার এই কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২৯ জুলাই) দুপুরে ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার মাছখুড়িয়া উচ্চ বিদ্যালয়ের আইসিটি কক্ষে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁও ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খ. আখলাকুর রহমান। এসময় পুলিশ সুপার, সামরিক ও বেসামরিক কর্মকর্তাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলছেন, এই প্রশিক্ষণ তাদের আত্মকর্মসংস্থানের পথ খুলে দেবে। পাশাপাশি কর্মমুখী হয়ে উঠলে তরুণ সমাজ মাদক ও অপরাধ থেকেও দূরে থাকবে বলে তাদের বিশ্বাস। তাই এই ধরনের আয়োজন করায় তারা বিজিবিকে ধন্যবাদ জানান।
জেলা প্রশাসক রফিকুল হক বলেন, সীমান্ত এলাকার যুবকদের দক্ষ করে গড়ে তুলতে এমন উদ্যোগ সময়োপযোগী। প্রশিক্ষণ শেষে তারা শুধু নিজেরাই স্বাবলম্বী হবেন না, পরিবার ও সমাজের অর্থনৈতিক উন্নয়নেও ভূমিকা রাখবেন। ভবিষ্যতে এ ধরনের উদ্যোগ আরও সম্প্রসারণ করা হবে বলেও জানান তিনি।
বিজিবি জানায়, সীমান্ত নিরাপত্তার পাশাপাশি জনকল্যাণমূলক বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে শিক্ষিত বেকার যুবকদের তথ্যপ্রযুক্তিনির্ভর দক্ষতা অর্জনের সুযোগ করে দেওয়া হচ্ছে। গ্রাফিক্স ডিজাইন ও ফ্রিল্যান্সিং শেখার মাধ্যমে তারা দেশ-বিদেশের বিভিন্ন অনলাইন মার্কেটপ্লেসে কাজ করে স্বাধীনভাবে আয় করতে পারবেন।
১৬ সপ্তাহব্যাপী এই প্রশিক্ষণে কম্পিউটার পরিচালনা, ইন্টারনেট ব্যবহার, অফিস অ্যাপ্লিকেশন, গ্রাফিক্স ডিজাইন এবং ফ্রিল্যান্সিং বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হবে। এর আগে বিদ্যালয়ের সভাকক্ষে এ উপলক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সীমান্ত নিরাপত্তার পাশাপাশি প্রযুক্তিনির্ভর কর্মসংস্থানের মাধ্যমে সীমান্তবর্তী যুবসমাজকে দক্ষ ও স্বাবলম্বী করে তোলার এই উদ্যোগ স্থানীয়দের মধ্যে ইতিবাচক সাড়া ফেলবে। সংশ্লিষ্টদের আশা, এমন কার্যক্রম সম্প্রসারিত হলে সীমান্ত এলাকায় অপরাধ কমার পাশাপাশি নতুন কর্মসংস্থানেরও সুযোগ সৃষ্টি হবে।

মামুনুর রশিদ, ঠাকুরগাঁও প্রতিনিধি । জনতার কণ্ঠ.কম 




















