বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, ‘বর্তমান সরকার দশ হাজার সোলার বিদ্যুৎ উৎপাদনের টার্গেট সেট করেছে। সোলারে জ্বালানির প্রয়োজন হয় না, এতে বিলিয়ন বিলিয়ন ডলারের জ্বালানি আমদানি কমে যাবে যার ফলে অর্থ সাশ্রয় হবে বলে মন্তব্য করেন তিনি।
মন্ত্রী আরও বলেন, গ্রামে মাসে ৭৫ ইউনিটের বেশি বিদ্যুৎ ব্যবহার হয় না। এ জন্য ‘যারা ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহার করে তাদের বিদ্যুতের দাম বাড়ানো হয়নি। প্রান্তিক মানুষেরা কষ্ট না পায় সেটি আমি চেষ্টা করেছি।’
শুক্রবার (১৭ জুলাই) দুপুরে সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদের নবনির্মিত ভবন উদ্বোধন ও বিভিন্ন ইউনিয়নে স্প্রে মেশিন, নলকূপ, সেলাই মেশিন এবং শিক্ষা প্রতিষ্ঠানে বেঞ্চ, ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, ‘প্রধানমন্ত্রী চেষ্টা করছেন একটি কল্যাণমূলক রাষ্ট্র গড়ে তুলতে। যে কল্যাণমূলক রাষ্ট্র গঠন করতে ফ্যামিলি কার্ড দেওয়া হচ্ছে। কৃষকদের জন্য কৃষি কার্ডও প্রদান করা হয়েছে।’
সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মামুন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম, পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু প্রমুখ।

নিজস্ব প্রতিবেদক। জনতার কণ্ঠ.কম। 




















