বরিশালের আগৈলঝাড়ায় পরিবেশবান্ধব কৃষি ও ভার্মি কম্পোস্ট (কেঁচো সার) ব্যবহারে কৃষকদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা সভা, লোকসংগীত, পথনাটক ও মাল্টিমিডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) উপজেলার রাজিহার ইউনিয়নের বাটরা প্রেমচাঁদ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে কারিতাস বাংলাদেশের ‘ধরিত্রী’ প্রকল্পের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রেমচাঁদ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মৃণাল কান্তি রায়ের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা প্রকাশ হালদার, কারিতাস বরিশাল অঞ্চলের ধরিত্রী প্রকল্পের উপজেলা ইনচার্জ এডওয়ার্ড অন্ত রায়, আগৈলঝাড়া প্রেসক্লাবের সহ-সভাপতি এইচ এম মাসুম ও যুগ্ম সাধারণ সম্পাদক বিকাশ রায়।
অনুষ্ঠানে ধরিত্রী প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরার পাশাপাশি ভার্মি কম্পোস্টের ব্যবহারিক উপকারিতা, উৎপাদন, বাজারজাতকরণ এবং জৈব পদ্ধতিতে চাষাবাদের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। কৃষকদের উৎপাদিত কেঁচো সার বাজারজাতকরণের করণীয়, বিভিন্ন সুপারিশ ও প্রয়োজনীয় নির্দেশনাও তুলে ধরা হয়।
পরে ভার্মি কম্পোস্ট উৎপাদন ও ব্যবহার, জৈব চাষাবাদ এবং প্রকল্পের সফল উপকারভোগীদের নিয়ে মাল্টিমিডিয়া প্রদর্শনী করা হয়। এ ছাড়া স্থানীয় সার ডিলারদের সাক্ষাৎকার ও ধরিত্রী প্রকল্পের বিভিন্ন কার্যক্রমের ভিডিও প্রদর্শন করা হয়।
কেঁচো সারের ব্যবহার ও জৈব কৃষির উপকারিতা সম্পর্কে স্থানীয় কৃষকদের মধ্যে সচেতনতা তৈরিতে লোকসংগীত ও পথনাটক পরিবেশন করা হয়।
অনুষ্ঠানে সরকারি-বেসরকারি কর্মকর্তা, সাংবাদিক, স্থানীয় কৃষক, সার ডিলার, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

মৃদুল দাস, আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম। 




















