সিরাজগঞ্জের তাড়াশে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০২৫ উপলক্ষে “দুর্নীতি দমন ও প্রতিরোধে করণীয়” শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাড়াশ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুস ছালাম। সভার সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ নজরুল ইসলাম। এ সময় তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাবিবুর রহমানসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, শিক্ষক, গণমাধ্যমকর্মী এবং স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, দুর্নীতি একটি জাতীয় ব্যাধি, যা দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করে এবং সমাজে বৈষম্য বৃদ্ধি করে। দুর্নীতির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে সাধারণ মানুষকে আরও সচেতন হতে হবে। “দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধে এগিয়ে আসবে তরুণেরা”—এই প্রতিপাদ্য সামনে রেখে বক্তারা যুবসমাজকে দুর্নীতিবিরোধী কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।আলোচনা সভায় অংশগ্রহণকারীরা দুর্নীতি প্রতিরোধে প্রয়োজনীয় করণীয় ও সুপারিশ তুলে ধরেন। শেষে দুর্নীতি দমনে সমন্বিত উদ্যোগ গ্রহণের অঙ্গীকার করেন আয়োজকবৃন্দ।

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম 




















