আলাস্কার উপকূলীয় একটি বালুচরে বিমান বিধ্বস্ত হওয়ার পর চার আরোহীকে উদ্ধার করেছে আলাস্কা এয়ার ন্যাশনাল গার্ডের সদস্যরা। বুধবার (২ সেপ্টেম্বর) স্থানীয় কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
এবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, গত ৩০ আগস্ট আলাস্কার মন্টাগু আইল্যান্ডে বিমানটি বিধ্বস্ত হয়। স্থানটি সিওয়ার্ড শহর থেকে প্রায় ৬০ মাইল (প্রায় ৯৭ কিলোমিটার) দক্ষিণ-পূর্বে অবস্থিত।
কর্মকর্তারা জানান, বিমানটির ইমার্জেন্সি লোকেটর ট্রান্সমিটার (ইএলটি) থেকে একটি সংকেত পাওয়ার পর উদ্ধার অভিযান শুরু হয়। সংকেতটি ছিল একটি সেসনা ১৮০ বিমানের। বিমানটি এর মালিকের নামে নিবন্ধিত ছিল।
সংকেত পাওয়ার পর জয়েন্ট বেস এলমেনডর্ফ-রিচার্ডসনের আলাস্কা রেসকিউ কো-অর্ডিনেশন সেন্টার (একেআরসিসি) বিষয়টি নিয়ে উদ্ধার তৎপরতা শুরু করে। পরে তারা ১৭৬তম উইংয়ের সার্চ অ্যান্ড রেসকিউ ডিউটি অফিসারের সহায়তা চায়। এর পরই প্যারা রেসকিউ সদস্যদের নিয়ে একটি হেলিকপ্টার ঘটনাস্থলের উদ্দেশ্যে যাত্রা করে।
তবে দুর্ঘটনাস্থলের কাছে প্রচণ্ড বাতাসে বালু উড়ে আসা এবং সৈকতের বিভিন্ন ধ্বংসাবশেষের কারণে হেলিকপ্টারটি সরাসরি সেখানে অবতরণ করতে পারেনি। উদ্ধারকারীরা দুর্ঘটনাস্থল থেকে কিছুটা দূরে হেলিকপ্টার অবতরণ করেন।
এ সময় উদ্ধারকারীরা ঘটনাস্থলে গিয়ে চারজনকে দেখতে পান। কর্মকর্তারা জানান, চার আরোহী নিজেরাই উল্টে যাওয়া বিমান থেকে বের হয়ে আসতে সক্ষম হয়েছিলেন। দুর্ঘটনার পর সেসনা ১৮০ বিমানটি উল্টে থাকলেও সেটিকে বাইরে থেকে তুলনামূলকভাবে অক্ষত বলে মনে হচ্ছিল।
উদ্ধারকারীরা পরে চারজনকেই হেলিকপ্টারে করে অ্যাংকরেজের প্রভিডেন্স আলাস্কা মেডিকেল সেন্টারে নিয়ে যান। সেখানে তাদের বেসামরিক চিকিৎসাকর্মীদের কাছে হস্তান্তর করলে, পরে চারজনকেই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।

আন্তর্জাতিক ডেস্ক। জনতার কণ্ঠ.কম 




















