কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে শরীয়তপুরে বিক্ষোভ মিছিল করেছেন যুবলীগের নেতাকর্মীরা। শুক্রবার (১৭ জুলাই) বিকেলে মিছিলের ৩৩ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, শরীয়তপুর জেলা যুবলীগের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হচ্ছে। মিছিলটির নেতৃত্ব দেন শরীয়তপুর সদর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. আয়নাল ফকির। এতে সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
মিছিল চলাকালে অংশগ্রহণকারীরা “শরীয়তপুরের মাটি, আওয়ামী লীগের ঘাঁটি”, “আওয়ামী লীগের নিষিদ্ধ—মানি না, মানবো না” এবং “জয় বাংলা, জয় বঙ্গবন্ধু”সহ বিভিন্ন স্লোগান দেন।
এ বিষয়ে পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহআলম বলেন, “ভিডিওটির বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। ঘটনার সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

শরীয়তপুর প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম। 






















