সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নেওয়ারগাছা বিল থেকে মালা খাতুন (৭০) নামে এক বিধবার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে স্থানীয়রা বিলের পানিতে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
নিহত মালা খাতুন উল্লাপাড়া পৌর শহরের নেওয়ারগাছা গ্রামের মৃত আনসার আলীর স্ত্রী। স্থানীয়রা জানান, মাছ ধরার প্রতি মালা খাতুনের প্রচণ্ড আগ্রহ ছিল। ধারণা করা হচ্ছে, সোমবার রাতে তিনি বিলের পানিতে মাছ ধরতে গেলে অসাবধানতাবশত পানিতে পড়ে ডুবে মারা যেতে পারেন। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, মালা খাতুন পরিবারে একাই থাকতেন এবং ছোট একটি মুদি দোকান চালাতেন। মাছ ধরার প্রতিও তার আগ্রহ ছিল। মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম। 




















