সিরাজগঞ্জ-২ (সদর -কামারখন্দ) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও দলের স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, আপনারা আমার হাতকে শক্ত করবেন। তাহলে তারেক রহমানের হাত শক্ত হবে। তারেক রহমান এদেশের প্রধানমন্ত্রী হবে। আপনারা নিশ্চয়ই জানেন কাকে উন্নয়নের জন্য দরকার। সেই হিসাব করে ভোটটা দিবেন। নারীরা আজ ঘরের বাইরে কাজ করছেন, মিল–কারখানা ও মাঠে শ্রম দিচ্ছেন। অথচ একটি দল নারীদের বাইরে যাওয়াকে নেতিবাচকভাবে উপস্থাপন করছে। এমন মানসিকতার দলকে ভোট না দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
রোববার (০১ ফেব্রুয়ারী) বেলা ১২টায় সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ভদ্রঘাট বাজার এলাকায় আয়োজিত এক পথসভায় এসব কথা বলেন ।
টুকু বলেন, জামায়াতের আমির ডা.শফিকুর রহমান একটা ইন্টারভিউতে বলেছে ‘ এই দেহেন ‘ মেয়েদের বাইরে যাওয়া মানে, মেয়েদেরকে আসতে আসতে বেশ্যাবৃত্তিতে ফেলে দেওয়া। এই দলকে ভোট দিবেন আপনারা, যারা মেয়েদের সম্পর্কে এমন চিন্তা করে। তাদের তালিমি নিয়ে যখন কথা কয়, আর মহিলাদের বিষয়ে তারা কি পোষণ করে। আপনাদের ঘর থেকে বের হতে দেবে না।
তিনি আরও বলেন, আজকের দিনে দ্রব্যমূল্য বৃদ্ধির পরে স্বামী-স্ত্রী রোজগার না করলে সন্তানদের মুখে ভাত তোলা যায় না। আজকের দিনে আমি দেখি রাস্তায় মেয়েরা মাটি কাটার কাজ করে। সেই মহিলাদের তারা ঘরে তুলে দিতে চায়। আমি মা-বোনদের বলে দিতে চাই আমি বুঝেছি ভোট যা আছে মহিলাদের। আপনারা যদি নিজের পায়ে নিজে কুড়াল দেন। আমার কিছু করার নেই। দয়া করে ভোটটা জামায়েতকে দিয়েন না।
টুকু আওয়ামী লীগের সমালোচনা করে বলেন, আপনাদের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য বিএনপির নেতাকর্মীরা ১৭ বছর মাঠে ছিলো। তার জন্য আমরা জেল, জুলুম অত্যাচার আমাদের উপর এমন কোন নির্যাতন যা তারা করে নাই। আমাদের নেত্রী জেল জুলুম খেটেও কারো কাছে মাথা নত করেনি এবং শেষে মৃত্যুবরণ করেছে। তাঁর জানাজায় এতো মানুষ হয়েছে পৃথিবীর ইতিহাসে এরকম জানাজা আর হবে না বলে মনে হয় । আর যে নির্যাতন করেছে তাকে এক কাপড়ে বাড়া ভাত; না খেয়ে পালিয়েছে। এইটা হলো আল্লাহ বিচার।

নিজস্ব প্রতিবেদক। জনতার কণ্ঠ.কম 




















