কক্সবাজারে শুল্ক ফাঁকি দিয়ে আনা প্রায় ৩১ ভরি স্বর্ণালংকারসহ দুই চোরাচালানকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় তাদের কাছ থেকে চারটি মোবাইল ফোন, নগদ ৫ হাজার ৭৪২ টাকা, সৌদি আরবের ১০ রিয়াল ও তিনটি এটিএম কার্ড জব্দ করা হয়েছে।
রোববার (২৩ আগস্ট) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড জানতে পারে, একটি অসাধু চক্র শুল্ক ফাঁকি দিয়ে স্বর্ণের একটি চালান দেশের অভ্যন্তরে নিয়ে আসছে। এর ভিত্তিতে শনিবার (২২ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন কক্সবাজারের একটি দল কক্সবাজার বিমানবন্দরসংলগ্ন নতুন ফিশারি ঘাট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে ওই এলাকায় সন্দেহজনক একটি মোটরসাইকেল দেখতে পেয়ে থামার সংকেত দেয় কোস্ট গার্ড। তবে মোটরসাইকেলে থাকা ব্যক্তিরা সংকেত উপেক্ষা করে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে কোস্ট গার্ডের সদস্যরা ধাওয়া করে মোটরসাইকেলসহ দুইজনকে আটক করেন।
আটকের পর তাদের সঙ্গে থাকা একটি ব্যাগে তল্লাশি চালিয়ে শুল্ক ফাঁকি দিয়ে আনা প্রায় ৩১ ভরি স্বর্ণালংকার উদ্ধার করা হয়। কোস্ট গার্ডের দাবি, উদ্ধার করা স্বর্ণালংকারের আনুমানিক বাজারমূল্য ৭৫ লাখ টাকা। এ ছাড়া তাদের কাছ থেকে চারটি মোবাইল ফোন, নগদ ৫ হাজার ৭৪২ টাকা, সৌদি আরবের ১০ রিয়াল ও তিনটি এটিএম কার্ড জব্দ করা হয়েছে।
কোস্ট গার্ড জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা স্বীকার করেছেন, বাজারে বিক্রির উদ্দেশ্যে স্বর্ণের চালানটি দুবাই থেকে বিভিন্ন মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে বাংলাদেশে আনা হয়েছিল। তারা এর আগেও একাধিকবার স্বর্ণ চোরাচালানের সঙ্গে জড়িত থাকার কথা জানিয়েছে।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, এ চোরাচালানের সঙ্গে জড়িত অন্যান্য অসাধু ব্যবসায়ী ও সহযোগীদের শনাক্ত এবং আটকের জন্য গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
জব্দ করা স্বর্ণালংকারসহ অন্যান্য আলামত এবং আটক দুই ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও বলেন, চোরাচালান প্রতিরোধে কোস্ট গার্ডের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

মোহাম্মদ হোসাইন, টেকনাফ (কক্সবাজার), প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম। 




















