লক্ষ্মীপুরের রামগঞ্জে একটি মসজিদের সংলগ্ন কবরস্থান থেকে পরিত্যক্ত অবস্থায় প্রায় ২৪ কেজি ব্যবহৃত গুলির সামনের অংশ (সীসা/ধাতব অংশ) উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার ৬ নম্বর লামচর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের লামচর গ্রামের বায়তুল নূর জামে মসজিদসংলগ্ন কবরস্থান থেকে এসব সরঞ্জাম উদ্ধার করা হয়।

আরও পড়ুন: রায়গঞ্জ পুলিশের অভিযানে হত্যা মামলার আসামিসহ ৫ জন গ্রেপ্তার
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে কবরস্থানের ভেতর একটি বেওয়ারিশ ব্যাগ পড়ে থাকতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। বিষয়টি তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হলে মোহাম্মদিয়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ব্যাগটি জব্দ করে। পরে ব্যাগটি খুলে তার ভেতরে আনুমানিক ২৪ কেজি ওজনের ব্যবহৃত গুলির খোলস ও সামনের ধাতব অংশ দেখতে পাওয়া যায়।
মোহাম্মদিয়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) তাজ উদ্দিন জানান, উদ্ধার হওয়া বস্তুগুলো ব্যবহৃত গুলির সামনের ধাতব বা সীসার অংশ বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। ধারণা করা হচ্ছে, কোনো ফায়ারিং রেঞ্জ বা অন্যকোনো উৎস থেকে সংগৃহীত বা চুরিকৃত এই ধাতব অংশগুলো দুর্বৃত্তরা এখানে ফেলে গেছে।
তিনি আরও জানান, পরিত্যক্ত এ ধাতব অংশের প্রকৃত উৎস কী, কীভাবে এগুলো কবরস্থানে এলো এবং এর পেছনে কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের যোগসূত্র রয়েছে কি না- তা গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।

ন্যাশনাল ডেস্ক। জনতার কণ্ঠ.কম 




















